২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় ঋণপত্রে উৎসে কর না কাটার দাবি চট্টগ্রাম চেম্বারের

স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) ক্ষেত্রে ৫ শতাংশ উৎসে আয়কর কর্তনে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বুধবার সন্ধ্যায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ড থেকে গত ১৭ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে স্থানীয় ঋণপত্রের ক্ষেত্রে উৎসে ৫ শতাংশ আয়কর কাটার ও তা সংশ্লিষ্ট খাতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পাঠানো চিঠিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানির পাশাপাশি লোকাল এলসির (স্থানীয় ঋণপত্র) মাধ্যমে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে। এতে দেশীয় শিল্প প্রতিষ্ঠান লাভবান হয়।

“পাশাপাশি দেশের পাইকারি বাণিজ্য অনেকটাই স্থানীয় ঋণপত্রনির্ভর। কিন্তু এ ধরনের ঋণপত্রের মাধ্যমে সরবরাহ করা পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হলে দ্রব্যমূল্য আরো বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

মাহবুবুল বলেন, ৫ কোটি টাকার স্থানীয় ঋণপত্রের বিপরীতে শুরুতেই ৫ শতাংশ হারে ২৫ লাখ টাকা উৎসে আয়কর জমা দিতে হলে এর দায়ভার ভোক্তা সাধারণকেই বহন করতে হবে।

২০১২ সালের শুরুতে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারির পর ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিবাদ ওঠার পর তা প্রত্যাহার করা হয়।