২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজায় ডিএসই বন্ধ ৯ দিন

ঈদ এবং দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 11:08 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

ছুটির আগে শেষ লেনদেন হবে বৃহস্পতিবার। ছুটি শেষে ২০ অক্টোবর থেকে লেনদেন যথারীতি চলবে বলে মঙ্গলবার ডিএসই জানিয়েছে।

এদিকে সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইর সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেন। সকালে লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৫ পয়েন্ট কমে ৩ হাজার ৭৯২ পয়েন্ট হয়েছে।

প্রায় পাঁচ মাস পর ৩৮০০ পয়েন্টের নিচে নেমেছে সার্বিক সূচক। এর আগে ৩৮০০ নিচে ছিল গত ২৮ মে।

মঙ্গলবার ডিএসইতে প্রায় ২৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। লেনদেনে থাকা ৪৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।

এএফসি এ্যাগ্রো বায়োটেকের আইপিও অনুমোদন

এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন।

এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেড পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা তুলবে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি কেনা এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৩ অর্ধ-বার্ষিক  আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১১.১০ টাকা।

এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইমপেরিয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এছাড়া অয়ান ব্যাংক লিমিটেডের ২২০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ারহোল্ডার ব্যাতিত কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং উচ্চ নেট অর্থ সম্পন্ন ব্যক্তিই শুধু এই বন্ডটি কিনতে পারেন।

সর্ট-সেল থেকে বিরত থাকতে নির্দেশনা আসছে

দুই স্টক এক্সচেঞ্জের ব্রোকাররা যাতে সর্ট-সেল থেকে বিরত থাকে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেবে বিএসইসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসির পর্যবেক্ষণ ব্যাবস্থায় উল্লেখযোগ্য পরিমাণ সর্ট-সেল পরিলক্ষিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । 

সর্ট-সেল মানে শেয়ার না থাকার পরও কোম্পানির শেয়ার অন্যের কাছ থেকে ধার করে বিক্রি করে দেয়া। বাংলাদেশের পুজিবাজারে সর্ট-সেল নিষেধ।