২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইপি খেতাবধারীর সংখ্যা বাড়ছে

পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের জন্য সিআইপি (কমারশিয়ালি ইমপরটেন্ট পারসন) খেতাবের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত ‘সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩’ এর খসড়া অনুমোদন করা হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, আগে ১৬৫ জনকে সিআইপি মর্যাদা দেয়া হলেও এখন থেকে ১৮৮ জন এই খেতাব পাবেন।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বাণিজ্য ও রপ্তানির বিকাশ ঘটেছে, ফেডারেশনের বোর্ড অব ডিরেক্টরের সংখ্যাও বেড়েছে। তাই সিপিআইর সংখ্যা বাড়ানোই দরকার।”

তিনি জানান, বর্তমানে পণ্য রপ্তানিখাতে ১২৫ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দেয়া হয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী এই খাতে ১৪০ জন এ খেতাব পাবেন। এর মধ্যে পাঁচজন আসবেন ইপিজেডভুক্ত ‘সি’ ক্যাটাগরির রপ্তানিকারকদের মধ্য থেকে।

এছাড়া সিআইপি ট্রেডের আওতায় ব্যবসায়িক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত (পদাধিকার বলে) ৪০ ব্যক্তির পরিবর্তে ৪৮ জনকে এখন থেকে সিআইপি মর্যাদা পাবেন বলে জানান মোশাররাফ।