বিডিবিএল সাড়ে ৭ কোটি টাকা লভ্যাংশ দিল সরকারকে
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সরকারকে সাড়ে সাত কোটি টাকার লভ্যাংশ দিয়েছে।
ব্যাংকটির ২০১২ সালের অর্জিত মুনাফা থেকে এ লভ্যাংশ সরকারের কোষাগারে জমা দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোববার ব্যাংকের চেয়ারম্যান শান্তি নারায়ণ ঘোষ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে লভ্যাংশের এই চেক তুলে দেন।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামালসহ অর্থ মন্ত্রণালয় ও বিডিবিএলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
