টাকা জাদুঘরের যাত্রা শুরু
মুদ্রা উদ্ভাবনের আগে বিনিময় মাধ্যম হিসেবে প্রচলিত কড়ি, প্রাচীন মৌর্য, গুপ্ত পাল আমলের ধাতব মুদ্রা থেকে শুরু করে হালের কাগুজে নোটের সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে দেশের প্রথম টাকা জাদুঘর।
রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় এই জাদুঘর স্থাপিত হয়েছে। শনিবার এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়ামকে আরো বড় পরিসরে এবং তথ্য-প্রযুক্তি নির্ভর করে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
টাকা জাদুঘরে থাকছে প্রাচীন আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মুদ্র্রিত ও সংরক্ষিত বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, কাগুজে নোট ও মুদ্রা সম্পর্কিত দ্রব্যসামগ্রী।
টাকা জাদুঘরে সংরক্ষিত মুদ্রাগুলোর মধ্যে রয়েছে প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা (পাঞ্চ মার্কড), হরিকেলের মুদ্রা, ইন্দো-পার্থিয়ান মুদ্রা, কুশান মুদ্রা, কুচবিহারের মুদ্রা, বাংলার স্বাধীন সুলতানী আমলের মুদ্রা, মুঘল আমলের মুদ্রা।
মুঘল শাসনের সমাপ্তির পর ভারতে ১৮৩৫ সাল থেকে প্রচলিত ব্রিটিশ মুদ্র্রা, পাকিস্তান আমলের মুদ্রাও রয়েছে এই জাদুঘরে।
এছাড়াও বর্তমান সময়ের যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ প্রায় সব দেশের মুদ্রাও স্থান পেয়েছে টাকা জাদুঘরে।।
বিশ্বের বিভিন্ন দেশের এবং ভিন্ন ভিন্ন সময়ের কাগুজে নোটসহ এই জাদুঘরে সাবেক সোভিয়েত ইউনিয়ন, সাবেক চেকোশ্লোভাকিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী জাপানি ডলার, বিভক্ত জার্মানি, আফগানিস্তান, চীন, লাতিন আমেরিকা, হাঙ্গেরি, বুলগেরিয়া, ভিয়েতনাম এবং কমিউনিস্ট আমলের পোল্যান্ডের নোটও রাখা হয়েছে এখানে।
জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, “সমাজ জীবনের মতো অর্থনীতিও পরিবর্তনশীল। কিন্তু এই পরিবর্তনের কেন্দ্রে থাকে টাকা বা মুদ্রা। এই মুদ্রা নির্বাক নয়। মুদ্রার মাধ্যমে ফুটে ওঠে ইতিহাস। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই টাকা জাদুঘর।”
তরুণদের এই জাদুঘর দেখতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি নতুন প্রজন্মকে বলব, অন্তত একবারের জন্য হলেও তারা যেন এই জাদুঘরে আসে। এখানে মুদ্রার বিকাশ, বিবর্তন সবকিছু এক জায়গায় ধারণ করা হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান জানান, টাকা জাদুঘরে প্রাচীন ও দুষ্প্রাপ্য মুদ্রা উপহার হিসেবে দান করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞাপন দেয়া হয়। তাতে সাড়া দিয়ে অনেকেই তাদের সংগ্রহে থাকা মূল্যবান মুদ্রা-টাকা জাদুঘরে দেন। এছাড়া প্রায় তিন হাজার মুদ্রা কেনা হয়েছে।
“বাংলাদেশ ব্যাংক শুধু মুদ্রা সংরক্ষণই করে না, এর সঙ্গে ইতিহাসও সংরক্ষণ করে,” বলেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুদ্রা সংগ্রাহক সমিতির সভাপতি অমলেন্দু সাহা, টাকা জাদুঘর বাস্তবায়ন কমিটির সভাপতি শিল্পী হাশেম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম।
গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাদুঘরের ভিত্তিস্থাপন করেছিলেন।
বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, দিবস এবং কালজয়ী ব্যক্তিদের স্মরণে এ পর্যন্ত ১১টি স্মারক মুদ্রা এবং তিনটি স্মারক নোটওএখানে প্রর্শনীর জন্য রাখা হয়েছে।
নোট এবং মুদ্রার পাশাপাশি এখানে প্রাচীন মুদ্রা দ্বারা নির্মিত অলংকার, মুদ্র্রা সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠের বাক্স, কয়েন ব্যাংক এবং লোহার সিন্ধুকও রাখা হয়েছে।
জাদুঘরে ডিজিটাল সাইনেজ, ডিজিটাল কিয়স্ক, এলইডি টিভি, থ্রিডি টিভি, প্রজেক্টর এবং ফটো কিয়স্কও রাখা হয়েছে। ফটো কিয়স্কের মাধ্যমে দর্শনার্থীরা নিজের ছবি সম্বলিত স্যুভেনির নোট তৈরি করে নিতে পারবেন।
জাদুঘরের প্রবেশপথে দেয়ালে রাখা টাকার গাছে প্রাচীন বাংলায় প্রচলিত মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রচলিত মুদ্রা ও টাকার রেপ্লিকা রাখা হয়েছে।
শনি থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা এবং শুক্রবার বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকবে। এতে ঢুকতে কোনো টিকিট লাগবে না।
