২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় সকাল-সন্ধ্যা ফ্লাইট চালাবে বিমান

কলকাতায় সকাল-সন্ধ্যা ফ্লাইট শুরু করার পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 10:37 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

এছাড়া ভারতের গুয়াহাটি এবং চেন্নাইয়ে প্রথমবারের মতো ফ্লাইট শুরু করার কথা জানিয়েছেন বিমানের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী শীতকালীন সময়সূচি থেকে কলকাতায় সপ্তাহে ১৬টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা থেকে সকাল-সন্ধ্যা এবং চট্রগ্রাম থেকে সপ্তাহে দুটি ফ্লাইট চালানো হবে।”

আর এ জন্য বিমান ব্যাবহার করবে ভাড়ায় আনা ছোট আকারের উড়োজাহাজ।

বর্তমানে বিমান ছাড়াও ঢাকা-কলকাতা রুটে দুই দেশের চারটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে রয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ, ভারতের জেট এয়ার এবং এয়ার ইন্ডিয়া।

দেশের অন্য দুই বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ এবং নভো এয়ারও এ রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা করেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তি অনুসারে উভয় দেশের বিমান সংস্থাগুলো উভয় দেশে সপ্তাহে ৬৫টি করে ফ্লাইট চালাতে পারবে।

“এছাড়াও আমাদের পরিকল্পনা রয়েছে ভারতের গুয়াহাটি এবং চেন্নাইয়ে ফ্লাইট চালু করার। আমরা বাজার পর্যবেক্ষণ করে দেখছি,” বলেন কেভিন।

কলকাতা রুটটি বিমানের জন্য লাভজনক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “রুটটি লাভজনক করতে আমরা ছোট উড়োজাহাজ চালাবো। ছোট উড়োজাহাজের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় আশা করি এটি বিমানের জন্য ভালো হবে।”

তবে বিমান ব্যাবস্থাপনা পরিচালক কেভিনের সাথে একমত হতে পারেননি বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম।

তিনি বলেন, “যেহেতুকলকাতা রুটে ইতোমধ্যে অনেকগুলো এয়ারলাইন ফ্লাইট করছে সেখানে এটা যাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে, কিন্তু বিমানের জন্য হয়তো একটু উচ্চাবিলাসী সিদ্ধান্ত হবে।”

“গুয়াহাটি বিমানের জন্য লাভজনক হতে পারে যদি এ রুটে ছোট উড়োজাহাজ ব্যাবহার করা হয়। এখনো গুয়াহাটিতে খুব বেশি এয়ালাইন্স ফ্লাইট চালায় না। কিন্তু চেন্নাই আমি মনে করি বিমানের জন্য ‘সুইসাইডাল’ সিদ্ধান্ত হবে।”