২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর বিরুদ্ধে সাড়ে ৪ হাজার অভিযোগ

এক বছরে ব্যাংকগুলোর বিরুদ্ধে প্রায় সাড়ে চার হাজার অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার তিন হাজারের মতো নিষ্পত্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 10:45 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

বাংলাদেশ ব্যাংকের কাস্টমার সার্ভিস ডিভিশনের বার্ষিক প্রতিবেদনে (২০১২-১৩ অর্থবছর) এ তথ্য উঠে এসেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ছিলো সাধারণ ব্যাংকিং সংক্রান্ত। এছাড়া ঋণ ও অগ্রিম, রেমিটেন্স, মোবাইল ব্যাংকিং ও ডেবিট, ক্রেডিট, এটিএম কার্ড সংক্রান্ত অভিযোগও রয়েছে।

মঙ্গলবার গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতিতে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের কাস্টমাস সার্ভিস ডিভিশনে টেলিফোনে এক হাজার ২৪টি ও ৩ হাজার ২৭২ লিখিতভাবে অভিযোগ করেছেন গ্রাহকরা।

মোট অভিযোগের সংখ্যা ৪ হাজার ২৯৬টি। নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৯৪১টি।

টেলিফোনে আসা অভিযোগের মধ্যে ৫১ দশমিক ৪৭ শতাংশ অভিযোগ সাধারণ ব্যাংকিং সংক্রান্ত। আর লিখিত অভিযোগগুলোর ৬৪ দশমিক ৯১ শতাংশ স্থানীয় স্বীকৃত বিল সংক্রান্ত, যার অধিকাংশই সোনালী ব্যাংকের বিরুদ্ধে।  

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের বিরুদ্ধে ২০১২-১৩ অর্থবছরে ৫৯৪টি অভিযোগ এসেছে। এরমধ্যে ৩০২টি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

এরপরেই রয়েছে জনতা ব্যাংক। এ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এসেছে ৩২৮টি। বাংলাদেশ কৃষি ব্যাংকের বিরুদ্ধে ২৯৬টি, অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ১৬৩টি, রুপালী ব্যাংকের বিরুদ্ধে ১৬১টি, প্রাইম ব্যাংকের বিরুদ্ধে ১৩৩টি, বেসিক ব্যাংকের বিরুদ্ধে ১৩১টি, যমুনা ব্যাংকের বিরুদ্ধে ১২১টি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে ১০৯টি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এসেছে ৯৭টি।

মোট অভিযোগের ৪৪ দশমিক ৮৩ শতাংশ বেসরকারি ৩০টি ব্যাংকর বিরুদ্ধে। ৩৭ দশমিক ৯৫ শতাংশ চারটি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে, ১৪ দশমিক ০৫ শতাংশ বিশেষায়িত ব্যাংকের বিরুদ্ধে এবং ৩ দশমিক ০২ শতাংশ অভিযোগ ছিল বিদেশি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে।

অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বলেছেন, গ্রাহক সেবা দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। বিশেষকরে আমানতকারী গ্রাহকদের। কারণ তারা ব্যাংকের মূল শক্তি।”

এসময় গভর্নর গ্রাহক সেবার মান ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং করার ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে বলেও মত দেন।

অভিযোগ বাড়লেও নিষ্পত্তির হার কমেছে।

২০১১-১২ অর্থবছরে অভিযোগ নিষ্পত্তির হার ছিলো ৯৩ দশমিক ৮২ শতাংশ, যা ২০১২-১৩ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৪ শতাংশে।

ব্যাংকিং খাতের গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বজায় রাখার পাশাপাশি সেবা পেতে গ্রাহকদের হয়রানি লাঘবে ২০১১ সালের মার্চ মাসে ‘হেল্পডেস্ক’ চালু করে বাংলাদেশ ব্যাংক, যেটিকে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তর করে ‘ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট’ করা হয়েছে।

এ বিভাগে ব্যাংকের গ্রাহকরা চিঠি পাঠিয়ে, ফোন, ফ্যাক্স ও ই-মেইল করে অভিযোগ জানাতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের ২৮ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৭ হাজার ১৪৪টি অভিযোগে এসেছে। অভিযোগগুলোর মধ্যে ৫ হাজার ৫৯৭টি বা ৭৮ দশমিক ৩৫ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে।

অভিযোগ নিষ্পত্তি করতে গিয়ে ব্যাংকগুলোর দায়ী কর্মকর্তাদের শাস্তির আওতায়ও আনা হয়েছে।

এ বিষয়ে কাস্টমার সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক স্বপন কুমার সাহা জানান, এ পর্যন্ত বিভিন্ন বাংকের ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আরো ২৬ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে অভিযোগকারীদের মধ্যে থেকে পাঁচজন উপকারভোগীকে হাজির করা হয়।