২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ২১ পয়েন্ট হয়।

এ নিয়ে গত দুই দিনে প্রায় ৭৭ পয়েন্ট সূচক কমেছে দেশের পূঁজিবাজারে। 

গত সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছে। আগের দুই সপ্তাহে ডিএসই সূচক কমে যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট।

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট কমে সোমবার ১ হাজার ৪৬৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫২১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১০৬ কোটি টাকা বেশি।

লেনদেনে থাকা ১৪৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।

রোববার ডিএসইতে ৪১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এ বাজারে গত সপ্তাহে গড়ে লেনদেন হয় ৫৭৬ কোটি টাকার শেয়ার। আগের দুই সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৭৯ ও ৪৮৪ কোটি টাকার শেয়ার।