২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো চার বর্ডার হাট হচ্ছে

মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সীমানায় ‘সীমান্ত হাট’ চালুর পর এবার পশ্চিমবঙ্গ সীমান্তে চারটি নতুন হাট চালু করার উদ্যোগ নিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 07:54 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

পশ্চিমবঙ্গের মূখ্য সচিব সঞ্জয় মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘালয়-বাংলাদেশ সীমান্তের হাটগুলো বেশ সাফল্য পেয়েছে। তাই আমাদের সঙ্গে সীমান্তেও হাট স্থাপন করতে পারি।”

তবে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের ওই চার হাট ঠিক কোথায় কোথায় হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে ২০১১ সালে মেঘালয় সীমান্তে দুটি বর্ডার হাট চালু করা হয়। বাংলাদেশের সঙ্গে সীমান্তজুড়ে এ রকম আরো ২০টি স্থানে হাট বসানোর জন্য দিল্লির কাছে অনুমতি চেয়েছে মেঘালয় সরকার।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, “সীমান্তের মানুষ দেখছে, হাটগুলো খুব কাজের। তাই তারা আরো হাট স্থাপনের জন্য সরকারের কাছে চাপ দিয়ে যাচ্ছে।”

বর্ডার হাট নামের এই মুক্ত বাণিজ্য এলাকাগুলোতে উভয় দেশের ব্যবসায়ীরা নিজেদের পণ্য বিক্রি করতে আসেন। সীমান্তের ওপর সংরক্ষিত এলাকায় স্থাপিত এসব হাটে বাংলাদেশ ও ভারতের সমান এলাকা রয়েছে। কে কোন পণ্য বিক্রি করতে পারবে, তাও নির্ধারণ করে দেয়া আছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তজুড়ে এ রকম হাট থাকলেও তা আবার চালু করতে ভারত-বাংলাদেশের ৪০ বছর লেগে গেছে।

এবার পশ্চিমবঙ্গ সীমান্তে এই হাট বসানোর জন্য তাগিদ এসেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে। সংস্থাটির অতিরিক্ত মহপরিচালক (পূর্ব) বিডি শর্মা পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

বিএসএফের পূর্বাঞ্চলের প্রধান হিসেবে শর্মা বাংলাদেশের সঙ্গে সব রাজ্যের সীমান্তেই হাট স্থাপনের বিষয়টি  বিবেচনা করার জন্য মুখ্যসচিবদের চিঠি দিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু পশ্চিমবঙ্গ সরকারের কাছেই বর্ডার স্থাপনের জন্য ৩২টি সম্ভাব্য স্থানের তালিকা জমা দেয়া হয়েছে। এটা ভাল যে এর মধ্যেই চারটি হাট অনুমোদন পেয়েছে। আশা করি শুরুটা ভালই হবে।”

সম্প্রতি ঢাকায় বিএসএফ-বিজিবি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

শর্মা জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হাটগুলোর প্রতিরক্ষার দায়িত্বে থাকবে। সেখানে ব্যাংকসহ সব ধরনের অবকাঠামো থাকবে। পণ্য পরিবহণের জন্য দুই দেশ থেকেই বাহন চলাচলের অনুমতি থাকবে।