খেলাপি ঋণের ফাঁদে সোনালী ব্যাংক
খেলাপি ঋণের জালে আটকে গেছে সোনালী ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। আর এর সাড়ে চার হাজার কোটি টাকাই রয়ে গেছে ২০ জনের কাছে।
মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এ তথ্য জানান।
ব্যাংকটির সর্বশেষ আর্থিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদীপ কুমার বলেন, “বর্তমানে সোনালী ব্যাংকের প্রধান দুটি সমস্যা হচ্ছে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি। এরমধ্যে খেলাপি ঋণ সবচেয়ে বড় সমস্যা।”
“গত জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৭১ কোটি টাকা, যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৩৩ দশমিক ৯২ শতাংশ। এই বিশাল খেলাপি ঋণের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা শীর্ষ ২০ ঋণ খেলাপির কাছে আটকে আছে। আর মূলধন ঘাটতি ৫ হাজার ২৬১ কোটি টাকা।”
তিনি জানান, হল-মার্ক সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে। যার পুরোটাই এখন আদায় অযোগ্য খেলাপি ঋণে পরিণত হয়েছে।
হল-মার্ক কেলেংকারি ও খেলাপি ঋণের নতুন হিসাব পদ্ধতির কারণে ব্যাংকের মোট খেলাপি ঋণ বেড়েছে বলেও জানান প্রদীপ কুমার দত্ত।
তিনি বলেন, “২০১৩ সালকে আমরা খেলাপি ঋণ আদায়ের বছর হিসেবে ঘোষণা করেছি। বিশেষকরে শীর্ষ ২০ ঋণ খেলাপির কাছ থেকে আদায় বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া প্রত্যেক শাখা ব্যবস্থাপককে আলাদা আলাদা লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। আমরা এ বছর ৮ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষ্য ঠিক করেছি।”
তবে বছরের ৯ মাসে আদায়ের চিত্র এই লক্ষ্যমাত্রার সঙ্গে যাচ্ছে না বলে জানান প্রদীপ।
প্রদীপ কুমার জানান, গত অগাস্ট পর্যন্ত ২ হাজার ৫৫০ কোটি টাকা আদায় হয়েছে। এরমধ্যে নগদ আদায় প্রায় ১২শ কোটি টাকা। এরমধ্যে শীর্ষ খেলাপিদের থেকে ২৩৭ কোটি টাকা আদায় হয়েছে। যার ৯৭ কোটি টাকা নগদ আদায়।
ডিসেম্বর পর্যন্ত ৫ হাজার কোটি টাকা আদায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রদীপ কুমার জানান, বর্তমানে অর্থঋণ আদালতে সোনালি ব্যাংকের ১৩৮টি রিট রয়েছে। যার বিপরীতে এক হাজার কোটি টাকার বেশি আটকে আছে।
এই খেলাপী ঋণ আদায় করতে গিয়ে কি পরিমাণ সুদ মওকুফ করা হয়েছে, ডাউন পেমেন্ট ছাড়া কি পরিমাণ ঋণ পুনঃতফসিল করা হয়েছে, কতটা নিয়ম পরিপালন করা হয়েছে- জানতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি।
তিনি বলেন, বিশাল কর্মযজ্ঞে কিছু ভুল ভ্রান্ত্রি হয়ে থাকে। সোনালী ব্যাংকের ক্ষেত্রেও সেরকমই হয়েছে। হলমার্ক কেলেঙ্কারির কারণে ২০১২ সালে ব্যাংকে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়। বিশেষকরে ব্যাংকটির নগদ অর্থে ব্যাপক ঘাটতি দেখা দেয়ায় মুদ্রা বাজারে ধার প্রদানকারী ব্যাংকের অবস্থান থেকে ধার গ্রহণকারী ব্যাংকে পরিণত হয়।
“প্রতিদিন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ধার করে বাংলাদেশ ব্যাংকে বিধিবদ্ধ জমা (সিআরআর) রাখতে হয়েছে। এরপরও ২০১২ সালে ঠিকমত সিআরআর না পারার কারণে সোনালী ব্যাংক ৮০ কোটি টাকা জরিমানা দিয়েছে।”
তবে ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে দাবি করেন প্রদীপ কুমার।
