বিমানের দুর্নীতি: কর্মকর্তাদের তলব করবে দুদক
পুরাতন এয়ারবাস মেরামতের কাজে বিমানের কর্মকর্তাদের ১০০ কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক খায়রুল হুদা।
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে সিঙ্গাপুর ভিত্তিক বিমান মেরামতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে এই দুর্নীতি ঘটেছে বলে জানান তিনি।
বিভিন্ন গণমাধ্যমে বিমানের এয়ারবাস মেরামত সংক্রান্ত দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর তা আমলে নিয়ে গত অগাস্টের মাঝামাঝিতে অনুসন্ধান শুরু করে দুদক।
খায়রুল হুদা জানিয়েছেন, ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দরপত্র সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য নথিও দুদকে এসে পৌঁছেছে।
২০১১ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে সি-চেকের জন্য পাঠানো হয় বিমানের এয়ারবাসটি।
নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে প্রতি পাঁচ বছর পরপর একটি উড়োজাহাজকে সি-চেক বা মেরামত করতে হয়। সি-চেক উড়োজাহাজের একটি গুরুত্বপূর্ণ মেরামত। সাধারণত সি-চেকে বিমানের ইঞ্জিন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত করা হয়।
মেরামতের উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাঠানো এয়ারবাসটির মডেল ছিল এ-৩১০, যেটি প্রায় ২০ বছরের পুরোনো মডেল।
খায়রুল বলেন, “২০১১ সালের নভেম্বরে একটি এয়ারবাস মেরামত সংক্রান্ত টেন্ডার ইস্যু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই টেন্ডার পায় সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামের সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান। টেন্ডার পাওয়ার পর কোম্পানি কর্তৃপক্ষ বলেছিল ১০০ কোটি টাকার মধ্যে তারা যাবতীয় কাজ শেষ করতে পারবে।”
“কিন্তু কাজ শেষ হওয়ার পর তারা জানাল, এয়ারবাস মেরামতে তাদের খরচ হয়েছে ২০০ কোটি টাকা।”
“ আমরা এখন পর্যন্ত নথি ও কাগজপত্র পর্যালোচনা করে যতটুকু বুঝতে পারছি, সিঙ্গাপুরের ওই কোম্পানি ও বিমান কর্তৃপক্ষের যোগসাজশে এই ঘটনা ঘটেছে। পর্যালোচনা শেষের পর এ মাসের মধ্যেই বিমানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (গণসংযোগ) খান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “বিষয়টি সম্পর্কে এখনো আমরা স্পষ্টভাবে জানি না। তবে যদি দুদক তলব করে, তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করবো।”
