২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যাংক নিয়ে আশাবাদী ফরাসউদ্দিন

সরকার পরিবর্তন হলেও নতুন অনুমোদন পাওয়া ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 12:20 AM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সোমবার নতুন এনআরবি গ্লোবাল ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে নিজের এই মত প্রকাশ করেন তিনি।

বর্তমান সরকার নতুন নয়টি ব্যাংক অনুমোদন করেছে। রাজনৈতিক বিবেচনায় এই অনুমোদন দেয়া হয়েছে বলে বিরোধী দলের অভিযোগ।

ফরাসউদ্দিন বলেন, “এক ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে; বলা হচ্ছে, সরকার পরিবর্তন হলে নতুন ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে। গত ৪৩ বছরে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর কোনো ব্যাংক কি বন্ধ হয়েছে?”

নতুন ব্যাংকের প্রয়োজন ছিল দাবি করে তিনি বলেন, “ইন্ডিয়াতে ব্যাংকের একটি শাখা ১৪ হাজার গ্রাহককে সেবা দেয়, পাকিস্তানে ২০ হাজার এবং বাংলাদেশে ২২ হাজার।

“সেবার মান বাড়াতে হলে ব্যাংকের শাখা বাড়াতে হবে। সেই শাখা নতুন ব্যাংকের হলেই ভাল। তাহলে পূঁজির একীভূতকরণ কম হবে, সম্পদের বণ্টন সঠিকভাবে হবে।”

এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, “এনআরবি গ্লোবাল ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের অনেক দিনের স্বপ্ন পূরণ হল, এর মাধ্যমে প্রবাসীদের অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করা সম্ভব হল।”

অনুষ্ঠানে নতুন ব্যাংকটির চেয়ারম্যান নিজাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আবদুল কুদ্দুস এবং ভাইস চেয়ারম্যান হানিফ চৌধুরীও ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমতি পাওয়া নয়টি ব্যাংকের মধ্যে সর্বশেষ অনুমোদন পায় এনআরবি গ্লোবাল ব্যাংক।

এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে রয়েছেন ২৫ জন প্রবাসী। ৪২৫ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করবে ব্যাংকটি।