১০ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গ কিনছে গ্রামীণ ফোন
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) নিলামে প্রতি মেগাহার্টজ ২ কোটি ১০ লাখ ডলারে ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন।
দেশের চার বেসরকারি মোবাইল ফোন অপারেটর রোববার রাজধানীর হোটেল রূপসী বাংলায় এই নিলামে অংশ নেয়।
অবশ্য ১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম বিডে গ্রামীণ ফোন ছাড়া আর কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। ওই দামে অন্য কোনো অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে রাজি হয়নি।
টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তাদের উপস্থিতিতে দুই ধাপে এই নিলাম পরিচালনা করেন বিটিআরসির থ্রিজি পরামর্শক আবদুল্লাহ ফেরদৌস। নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয় ২ কোটি ডলার।
১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম বিডে গ্রামীণ ফোন প্রতি মেগাহার্টজের জন্য ২ কোটি ১০ লাখ ডলারের ডাক দেয়। অন্য কোনো অপারেটর এই ডাকে অংশ না নেয়ায় ওই দরেই ১০ মেগাহার্টজ তরঙ্গ জিতে নেয় ৪ কোটি ৪৭ লাখ গ্রাহকের এই মোবাইল অপারেটর।
নিলাম চলাকালীন ডলারের বিনিময় হার অনুযায়ী গ্রামীণ ফোনকে থ্রিজি লাইসেন্সের জন্য পরিশোধ করতে হবে প্রায় ১ হাজার ৬৩২ কোটি টাকা।
আবদুল্লাহ ফেরদৌস জানতে চান, ওই দরে আর কেউ ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনতে রাজি আছে কি-না। কিন্তু কেউ তাতে সাড়া না দেয়ায় শুরু হয় নিলামের দ্বিতীয় ধাপ।
এরপর পাঁচ মেগাহার্টজ তরঙ্গের নিলোমে প্রতি মেগাহার্টজের জন্য ২ কোটি ১০ লাখ ডলার দাম হাঁকেন বাংলালিংক, রবি ও এয়ারটেলের কর্মকর্তারা। কেউ এর বেশি দর বাড়াতে রাজি না হওয়ায় সেখানেই শেষ হয় দ্বিতীয় ধাপের নিলাম।
এই নিলামের ফলে ১০ কোটি ৫০ লাখ ডলারে (৮১৬ কোটি টাকা) পাঁচ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গের লাইসেন্স পাবে বাংলালিংক, রবি ও এয়ারটেল।
থ্রি জি নীতিমালা অনুযায়ী রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠেছে, সেই পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
অপারেটররা ১৫ বছরের জন্য থ্রি জি লাইসেন্স পাবে।
