২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ কার্যক্রমে নেই অর্ধেক এজেন্সি

সরকার গত এক বছরে আটশ নতুন হজ এজেন্সিকে লাইসেন্স দিলেও এ বছর এর অর্ধেকই অংশ নিচ্ছে না হজ কার্যক্রমে।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

এ ছাড়া পুরাতন প্রায় চারশ হজ এজেন্সি এ বছর হজ কার্যক্রমে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কারণ হিসেবে তারা বলছে, এবছর হজ যাত্রীর তুলনায় এজেন্সির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা কার্যক্রম গুটিয়ে নিয়েছেন।

দেশের প্রথম দশটি হজ এজেন্সির অন্যতম এয়ার স্প্যানের পরিচালক কাজী ওয়াহেদুল আলম বলেন, “আমরা এ বছর হজ কার্যক্রমে অংশ নিচ্ছি না কারণ হজ যাত্রী কম, সে তুলনায় এজেন্সির সংখ্যা অনেক বেশি। যার কারণে মার্কেটে কম্পিটিশনটাও ফেয়ার থাকছে না।”

“অনেক এজেন্সিই তাদের সুবিধার জন্য সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে কম টাকা রাখছে। সরকারেরও কোন নজরদারি নেই।”

অন্যদিকে এয়ারলাইন্সের সংখ্যা বেঁধে দেয়াও তাদের অংশ না নেয়ার আরেকটি কারণ। আর এ কারণে উড়োজাহাজে সিট পাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে বলে মনে করেন ওয়াহেদুল আলম।

তিনি জানান, পুরাতন ৪০০ এজেন্টের মধ্যে ২০০ এজেন্সি হজ কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হিসেব মতে, নতুন লাইসেন্স পাওয়া ৪৭৭টি এজেন্ট এ বছর হজ কার্যক্রমে অংশ নিচ্ছে না।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি ইব্রাহিম বাহার জানান, লাইসেন্স পাওয়া সাড়ে ১২শ হজ এজেন্সির মধ্যে ৬২৮টি এজেন্সি হজ কার্যক্রেমে অংশ নিয়েছে।

তিনি বলেন, “সৌদি এ্যরাবিয়ান এয়ারলাইন্স আমাদের বলেছিলো হাজিদের জন্য তারা ৩৫ দিনে যাওয়া-আসার প্যাকেজ দেবে। এজেন্সিগুলো সে হিসেবেই হাজিদের কাছ থেকে টাকা নিয়েছে। এখন তারা সে সিডিউল ঘোসণা করেছে তাদের যাওয়া-আসার প্যাকেজ দাঁড়িয়েছে ৪৫ দিনে।”

“এখন প্যাকেজ লম্বা হয়ে যাওয়ায় হাজিরা যে কয়দিন অতিরিক্ত সৌদি আরবে অতিরিক্ত অবস্থান করবেন তার খরচ দিতে হবে এজেন্সিগুলোকে। এতে এজেন্সিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া কোন মন্তব্য করতে রাজি হননি।