২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে ভারতে পণ্য রপ্তানি কমেছে

টাকার বিপরীতে রুপির দরপতনে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

সংশ্লিষ্টরা বলছেন, ডলারের পাশাপাশি টাকার সঙ্গে রুপির অব্যাহত দরপতনের কারণে এদেশ থেকে পণ্য কেনায় প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছে ভারতীয় আমদানিকারকরা।

গত একমাসের ব্যবধানে বেনাপোল দিয়ে দৈনিক বাংলাদেশি পণ্যের রপ্তানি কমে এক চতুর্থাংশে নেমেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৩৬২ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।

“এক মাস আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য রপ্তানি হতো।”

ভারতের আমদানিকারক মেসার্স আকাশ দের স্বত্বাধিকারী লক্ষ্মণ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের মূল্য স্থিতিশীল না হওয়ায় আমরা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হয়ে পড়েছি।

“আমরা পণ্য আমদানি করে লাভের মুখ দেখতে পাচ্ছি না। বর্তমান অবস্থায় বাংলাদেশি ব্যবসাহীরাই বেশি লাভবান হচ্ছেন।”

তবে বাংলাদেশি পণ্য রপ্তানিতে কিছুটা সমস্যা হলেও ভারতীয় পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা বেশি লাভবান হবে বলে লক্ষ্মণ।

বেনাপোল সীমান্তের মানি মার্কেটের সভাপতি ও রাজা বাদশা মানিচেঞ্জারের স্বত্বাধিকারী বাশার জানান, ডলারের সঙ্গে ভারতীয় রুপির দর পতনের পর ভারতীয় রুপির সঙ্গে বাংলাদেশের টাকার বিনিময় হার বেড়েই চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার বেনাপোল সীমান্তের মানি এক্সচেঞ্জগুলোতে বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে ভারতীয় ৮২ রুপি দেয়া হয়েছে।

“২০১২ সালের শেষদিকে বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে ৫৭ রুপি দেয়া হতো।”

রুপির অব্যাহত দরপতনে ইতিমধ্যে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান ভারত বাংলাদেশ এক্সপোর্টার এন্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের বেনাপোল চ্যাপ্টারের সভাপতি মতিয়ার রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর আমরা ভারত থেকে ৫০০ কোটি ডলারের সমপরিমাণ পণ্য আমদানি করি। বর্তমান পরিস্থিতিতে একই পরিমাণ পণ্য আমদানির জন্য খরচ প্রায় ১০ শতাংশ কম হচ্ছে।”

তবে ভারতের ব্যবসায়ীরা দেশ থেকে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমিয়ে দেয়ায় তার নেতিবাচক প্রভাবও পড়বে বলে মনে করেন তিনি।

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিলন জানান, ভারত থেকে মোটরগাড়ি, বস্ত্রসামগ্রী, শিল্পে ব্যবহৃত রাসায়নিক, কাচামাল, যন্ত্রপাতি ও খাদ্যসামগ্রী দেশে আমদানি হয়। আর দেশ থেকে তৈরি পোষাক, হিমায়িত খাদ্য, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়া ও কৃষিজাত পণ্য ভারতে রপ্তানি হয়।