মোজাফ্ফর স্পিনিংকে আইপিও ছাড়ার অনুমোদন
প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমোদন পেয়েছে মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ অনুমোদন দেয়া হয়।
নির্বাহী পরিচালক সাইফুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের দুই কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ২৭ কোটি ৫০ লাখ টাকা তুলবে।
আইপিওর মাধ্যমে তোলা অর্থ দিয়ে ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।
২০১১-১২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৯ দশমিক ৫৬ টাকা।
সভায় এনবিএল সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ ভঙ্গ করে একজন বিনিয়োগকারীকে অনুমোদিত অনুপাতের অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান করায় এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া সভায় বিডিবিএল পরিচালিত প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড অবলুপ্তি ঘোষণা করা হয়েছে ।
