২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও মুনাফা কমেছে রবির

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও মুনাফা কমেছে মোবাইল অপারেটর রবির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রবির ইন্টারনেট প্রবৃদ্ধি বেড়েছে ৪৭ শতাংশ। যোগ হয়েছে ১৫ লাখ নতুন গ্রাহক।

তবে ১১০ কোটি ৮০ লাখ টাকা কর দেয়ার পর কোম্পানির লাভ আগের প্রান্তিকের তুলনায় ২ শতাংশ কমেছে।

সোমবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় কোম্পানির ব্যবসা পরিস্থিতির এই চিত্র তুলে ধরেন রবির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাহাতাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “দ্বিতীয় প্রান্তিকে রবির গ্রাহক বেড়েছে প্রথম প্রান্তিকের চেয়ে ৭ শতাংশ বেশি। মোট রাজস্ব এসেছে ১১৫৯ কোটি ৪০ লাখ টাকা, যা গত প্রান্তিকের চেয়ে ৭ দশমিক ৩ শতাংশ বেশি।”

মাহাতাব বলেন, এ প্রান্তিকে সুদ, কর, অবচয় (ইবিআইটিডিএ) আগের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রবি চলতি বছর ৪২১ কোটি ৯০ লাখ টাকা ইবিআইটিডিএ-তে রেকর্ড করলেও ১১ লাখ ইনক্রিমেন্টাল নেট গ্রাহক বৃদ্ধির কারণে ইবিআইটিডিএ মার্জিন প্রথম প্রান্তিকের তুলনায় কমে গেছে।

গ্রাহকসেবায় রবির বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জানান, বর্তামান তাদের বিটিএস ৯ হাজার ২৫টি। দেশের ৮৯ শতাংশ ভৌগলিক এলাকা রবির নেটওয়ার্কের আওতায় রয়েছে।

রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, “আসন্ন থ্রি-জি নিলামে ৫ মেগা হার্টজ তরঙ্গ বরাদ্দ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”

তরঙ্গ বরাদ্দ পেলে কতোদিনের মধ্যে রবি থ্রিজি সেবা চালু করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, “যেহতু আপনারা জানেন সার্ভিসটি এদেশে নতুন। এখনো কোনো অপারেটরের কাছেই প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নেই। তবুও আমি মনে করি, তিন থেকে পাঁচ মাসের মধ্যে এটা সম্ভভ।”

গ্রাহক সংখ্যার দিক দিয়ে রবি দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী, রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৩০ লাখ।