২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সামান্য কমেছে, লেনদেন হয়েছে প্রায় ৬৯০ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 06:01 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠলেও পরে তা পরে যায়। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ১৩২ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫২৯ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে প্রায় ৬৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা বেশি।

এদিন ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।

আগের দিন সোমবার ডিএসই সূচক ২৯ পয়েন্ট কমে, লেনদেন হয় ৬২০ কোটি টাকার শেয়ার। আর রোববার সূচক বাড়ে ৩৮ পয়েন্ট, ৮২০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

গত সপ্তাহে ডিএসই সূচক মোট ১৪২ পয়েন্ট বাড়ে। প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫৮৭ কোটি টাকার শেয়ার।