২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস দিয়ে সিইউএফএল চালুর দাবি

গ্যাস সরবরাহ করে মাধ্যমে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) চালুর দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন বলেন, গত চার অর্থ বছরে কারখানাটি ১ হাজার ৩২ দিন বন্ধ থাকায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ৪ হাজার ৮২২ কোটি টাকা।

সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সিইউএফএল-এ পর্যায়ক্রমে গ্যাস সরবরাহের সুপারিশ করলেও সে অনুযায়ী কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

কামাল উদ্দিন বলেন, “কারখানা দুটি পাশাপাশি হওয়ার পরও কাফকোতে গ্যাস সরবরাহ দেয়া হলেও সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে ভুল বুঝিয়ে এ কাজ করা হয়েছে বলে মনে করছি।”

অবিলম্বে কারখানাটি চালুর দাবি জানিয়ে তিনি বলেন, ১৯৮৮-৮৯ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করার পর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি সার উৎপাদন করেছে ৯৬ লাখ ৬৪ হাজার ৭৪৩ মেট্রিক টন।

“কিন্তু ২০০৯-১০ অর্থ বছর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে সিইউএফএল বন্ধ থাকায় সার উৎপাদন হয়েছে মাত্র ৫ লাখ ৩৭ হাজার ৮৮৬ মেট্রিক টন।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের অভাবে ২০০৯-১০ অর্থ বছরে সিইউএফএল ২৪২ দিন, ২০১০-১১ অর্থবছরে ২০০ দিন, ২০১১-১২ অর্থ বছরে ২৭৩ দিন, ২০১২-১৩ অর্থ বছরে ২৬১ দিন এবং চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৫৬ দিন বন্ধ ছিল।

“এ কারণে প্রায় ২ হাজার ৩৪৪ কোটি ৮০ লাখ টাকা এবং সারের আমদানি বাড়ার কারণে রাষ্ট্রের মোট ৪ হাজার ৫০৯ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা ক্ষতি হয়েছে,” বলেন কামাল উদ্দিন।

সিইউএফএল বন্ধ রেখে সারের দাম কমানোয় দৈনিক উৎপাদন ও আমদানি ব্যয় দুটিই বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

কাকফোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, গত বছর কাফকো চালু ছিল সাড়ে নয় মাস কিন্তু সিইউএফএল চালু ছিল মাত্র ১০৪ দিন।

“ব্যবসা প্রসারের জন্য কাফকো কর্তৃপক্ষ বিপুল পরিমাণ টাকা বরাদ্দ রাখে। সরকার কাফকোর কাছ থেকে সার ক্রয় করবে সে ধরনের চুক্তি থাকার পরও তাদের কেন এ ধরনের টাকা থাকবে?”

দুটি কারখানায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ করে উভয়টি সচল রাখার দাবি জানিয়ে তিনি বলেন, “এভাবে যদি কারখানা বন্ধ রাখা হয়, তাহলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে।”

গ্যাস সরবরাহ করে কারখানা চালুর দাবিতে গত ১৪ অগাস্ট থেকে মিছিল, সমাবেশ ও ব্যবস্থাপনা পরিচালক আবু জামাল সরকারের কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে সিইউএফএল শ্রমিক-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুর রহিম, সদস্য সচিব নাছির উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনের আগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন কারখানার শ্রমিকরা।