২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে মাছ ধরার অনুমতি পেল ২৫ ট্রলার

বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য আরো ২৫টি ট্রলারকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর মধ্যে ১৫টি মিডওয়াটার ট্রলার আর ১০টি লং লাইনার।

সামুদ্রিক মৎস অধ্যাদেশ, ১৯৮৩ এর ৭ ধারার ক্ষমতাবলে সরকার বঙ্গপোসাগরের একান্ত অর্থনৈতিক এলাকায় ট্রলারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে।

এ প্রেক্ষিতে বঙ্গোপসাগরের ২০০ মিটার গভীরতায় মৎস্য আহরণের জন্য আরও ১৫টি নতুন মিডওয়াটার ট্রলারের অনুমোদন দেয়া হবে।

এছাড়া টুনা জাতীয় মাছ ধরার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনবল তৈরির জন্য দেশীয় উদ্যোক্তাদের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের সহায়তায় ২০০ মিটার গভীরতার বাইরে ও আন্তর্জাতিক জলসীমায় টুনা জাতীয় পেলাজিক মাছ আহরণের লক্ষ্যে ১০টি নতুন লং লাইনার প্রকৃতির মৎস ভ্যাসেলের অনুমোদন দেয়া হবে।

একইসঙ্গে অনুমোদন পাওয়ার পরও যেসব লং লাইনার দীর্ঘ দিনেও তা সংগ্রহ ও পরিচালনা করতে পারেনি ওইসব লং লাইনারের অনুমতি যথাযথ পদ্ধতি অনুযায়ী বাতিল করা হবে।

ভবিষ্যতে বটম বা ডিমার্সেল ট্রলিং পর‌্যায়ক্রমে বন্ধ করার জন্য চিংড়ি ট্রলার বাদে বটম বা ডিমার্সেল প্রকৃতির ট্রলারগুলো মিডওয়াটার ট্রলারের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।

বঙ্গোপসাগরের মধ্যে মৎস্য সম্পদ আহরণ বিষয়ক একটি নীতিমালাও তৈরি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়। এজন্য মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সংশ্লিস্ট সকলের মতামত নেয়ার কাজ শুরু করেছে।