২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে প্রণোদনা: ৯০০ কোটি টাকার তহবিলের নীতিমালা অনুমোদন

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনের নীতিমালা অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার এ নীতিমালা অনুমোদনের পর তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) পাঠানো হয়েছে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমোদন করা নীতিমালা আজ আমরা পেয়েছি। আগামীকালই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। খুব শিগগিরই অর্থ ছাড় হবে বলে আশা করছি।”

২০১০ সালের শেষ নাগাদ শুরু হওয়া পুঁজিবাজার ধসে ঋণ নিয়ে বিনিয়োগ করা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের প্রণোদণা দেয় সরকার।

যেসব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ এ সুদ মওকুফ করবে তাদের স্বল্প সুদে ঋণ দেয়ার জন্যই ৯০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল করা হয়েছে।

Image
পুঁজিবাজারে বিক্ষোভ (ফাইল ছবি)

পুঁজিবাজারে বিক্ষোভ (ফাইল ছবি)

বাংলাদেশ থেকে ব্যাংক থেকে প্রথমে এ অর্থ দেওয়া হবে আইসিবিকে, এরপর আইসিবি থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগকারীদের ঋণ দেয়া হবে।

চলতি অর্থবছরের বাজেট পেশের আগেই বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পুনঃঅর্থায়ন তহবিলের অনুমোদন দেয়া হয়।

এরপর এ অর্থ বিতরণের জন্য একটি নীতিমালা তৈরির জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সদস্য আরিফ খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশ সম্বলিত নীতিমালাটি অনুমোদনের জন্য জুলাই মাসেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

পুঁজিবাজারের দরপতনের মুখে বিএসইসি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ২০১১ সালের ২২ নভেম্বর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, যাতে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা মার্জিন ঋণে সুদের একটি নির্দিষ্ট অঙ্ক মওকুফ পাবেন।