ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সামান্য কমলেও লেনদেন হয়েছে প্রায় ৭০৭ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজারের শুরুতে সূচক কিছুটা উঠলেও দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৪ হাজার ৮২ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫৪৯ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে প্রায় ৭০৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৩২ কোটি টাকা বেশি।
এদিন ১৩৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপাতত হরতালের ঘোষণা না থাকায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
“বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে, তাই লেনদেন বাড়ছে ।”
শার্প সিকিউরিটিজের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ গোলাম ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লেনদেন কমেছিল ঈদ সামনে রেখে। ঈদের পরে নতুন মাইন্ড সেটে লেনদেন হচ্ছে ।"
সোমবার সূচক প্রায় ৫০ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৪৭৫ কোটি টাকার শেয়ার । আর সপ্তাহের প্রথম দিন রোববারও সার্বিক সূচক ৫০ পয়েন্ট বাড়ে। হাতবদল হয় ৪৪৯ কোটি টাকার শেয়ার ।
ঈদের ছুটির পরে গত সপ্তাহে তিনদিনে ডিএসইর সূচক বাড়ে ৯১ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আর ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক ২০ পয়েন্ট কমে; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
