২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার টন পেঁয়াজ আমদানি হচ্ছে

বাজার সামাল দিতে জরুরি ভিত্তিতে ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ ও ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আমদানি করা এই পেঁয়াজ আগামী সপ্তাহেই বাজারে আসবে বলে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে আমদানি করা এই পেঁয়াজের দাম কত হবে, তা এখনো জানা যায়নি।

গত এক সপ্তাহে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে এখন রাজধানীর বাজারগুলোতে তা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এই নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে মানুষের অসন্তোষের মধ্যে সোমবার বিকালে টিসিবির এক বোর্ডসভায় জরুরি ভিত্তিতে আমদানির সিদ্ধান্ত হয়।

টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরাসরি, কোটেশন ও টেন্ডার- এই তিন পদ্ধতিতে এই পেঁয়াজ আমদানি করা হবে।”

বাজার দ্রুত স্থিতিশীল করার লক্ষ্যে ভারত ও মিয়ানমার থেকে সরাসরি পদ্ধতিতে পেঁয়াজ আনা হবে জানিয়ে তিনি বলেন, “আমদানি করা এই পেঁয়াজ খোলা বাজারে আগামী সপ্তাহে পাওয়া যাবে।”

এই পেঁয়াজের দাম কত- জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি টিসিবির প্রধান তথ্য কর্মকর্তা।

রমজানে, যখন পেঁয়াজের চাহিদা বেশি থাকে, তখন দাম স্থিতিশীল থাকলেও ঈদের কয়েকদিন পর হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যায়।

দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৩ লাখ টন বলে ধরা হয়। কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সঙ্কট হওয়ার কথা নয়।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবছর ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে আমদানি হয়েছে ৫ লাখ টনের বেশি।

হিসাব অনুযায়ী পেঁয়াজ উদ্বৃত্ত থাকার কথা হলেও সম্প্রতি বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়, দাম যায় বেড়ে।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ে দফায় দফায় বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ রোববার সাংবাদিকদের বলেন, “পেঁয়াজ সরবরাহে কোনো সঙ্কট নেই। ভারতের বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে আমাদের বাজারে। আশা করছি, দ্রুত দাম সহনীয় পর্যায়ে আসবে।”

ভারতে দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ঈদের ছুটি, হরতাল, যানজট এসবও বাজারে সরবরাহ কমে যাওয়ায় প্রভাব ফেলেছে বলে অনেক ব্যবসায়ী জানিয়েছেন।

রাজধানীর পাইকারির বাজার শ্যামবাজারের রাজবাড়ী ভাণ্ডারের মালিক মো. মাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের বাজারে দাম বাড়ার কারণে আমাদের বাজারেও তার প্রভাব পড়েছে।

“ঈদের ছুটি, হরতাল, যানজট ইত্যাদি কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।”

ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশের পেঁয়াজের চাহিদার প্রায় ৪০ শতাংশ মেটানো হয় ভারত থেকে আমদানি করে। কিন্তু সেখানে এবার উৎপাদন কম হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে এফবিসিসিআইর পরিচালক মো. হেলালউদ্দিন বলেন, “ভারতের রপ্তানিকারকরা প্রতি টন পেঁয়াজ ৩৫০ ডলারে রপ্তানির যে অর্ডার নিয়েছিল, দাম বেড়ে যাওয়ার কারণে তারা সেই দরে পণ্য দিচ্ছে না।

“শনিবার বেশকিছু ট্রাক সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে গেছে ভারতীয় রপ্তানিকারকরা। তারা এখন ৬৫০ ডলার দাম চাচ্ছে।”

কৃষিপণ্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক বাবুল খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ বাড়াতে পারলে বাজার স্বাভাবিক হয়ে যাবে।

রোববার বৈঠকেই বাণিজ্য সচিব সরবরাহ বাড়াতে উদ্যোগ নেয়ার কথা বলেছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই টিসিবি আমদানির সিদ্ধান্ত নিল।