থ্রিজি নিলামে ‘আসছে না’ নতুন অপারেটর
বেসরকারি পাঁচ অপারেটরের বাইরে একটি নতুন বিদেশি অপারেটরের আসার সুযোগ রেখে থ্রি-জি লাইসেন্স নীতিমালা করা হলেও নিলামে অংশ নিচ্ছে না কোনো নতুন অপারেটর।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত কোনো বিদেশি অপারেটরের পক্ষ থেকে নিলামে অংশ নেয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।”
১২ অগাস্ট তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রি-জি) তরঙ্গ নিলাম আবেদন জমার শেষ সময় ঠিক করা হয়েছে এবং নিলামের সময় নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।
এর আগে বিটিআরসি জানিয়েছিল নিলামে তিনটি বিদেশি অপারেটর আগ্রহ প্রকাশ করেছে।
থ্রি-জি নীতিমালা চূড়ান্ত করার পরপরই এশিয়া অঞ্চলের একটি ও ইউরোপ অঞ্চলের দুটি অপারেটর খোঁজ খবর নিলেও নিলামে অংশ নেয়ার বিষয়ে তাদের আর কোনো অগ্রগতি নেই।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিলাম আবেদনের জন্য থ্রি-জি নীতিমালা বই বিটিআরসি থেকে অপারেটরদের সংগ্রহ করতে হয়, তবে কোন বিদেশি অপারেটর এখনো সে নীতিমালা সংগ্রহ করেনি।
আগামী ১২ অগাস্টের আগে নতুন কোন অপারেটরের পক্ষে প্রস্তুতি নিয়ে আবেদন করাও সম্ভব হবে নয় বলে মনে করেন ওই কর্মকর্তা।
নতুন কোন অপারেটর এলে নিলামে ভালো দর উঠবে এ ধারনা করেই নতুন অপারেটরকে সুযোগ দিয়েছিল বিটিআরসি।
গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত হয়।
ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রি-জি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
টেলিটকসহ মোট পাঁচ অপারেটর থ্রি-জি লাইসেন্স পাবে বলে সিদ্ধান্ত হয়। ১৫ বছরের জন্য এই লাইসেন্স দেয়া হবে।
