মংলা এলপিজি প্ল্যান্টে আগামী সপ্তাহেই পরামর্শক নিয়োগ
সরকারি উদ্যোগে দেশের বৃহত্তম এলপি গ্যাস প্ল্যান্ট বাস্তবায়ন তরান্বিত করতে আগামী সপ্তাহেই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত হচ্ছে।
দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদেশ থেকে অপরিশোধিত এলপি গ্যাস (লিক্যুইফাইড পেট্রোলিয়াম) আমদানির পর তা পরিশোধনের মাধ্যমে সিলিন্ডারে ভরে বাজারজাত করার উদ্যোগ নেয় সরকার।
এ লক্ষ্য পুরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও তার সহযোগী চারটি প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল ও এলপি গ্যাস লিমিটেড কোম্পানির সমন্বয়ে খুলনার মংলায় এ প্ল্যান্ট করা হচ্ছে।
প্রকল্প পরিচালক ফজলুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মংলা বন্দর লাগোয়া আট একর জমিতে মাটি ভরাট কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আমরা পরামর্শক প্রতিষ্ঠান চুড়ান্ত করবো।”
পরামর্শক নিয়োগের জন্য আগ্রহপত্র আহ্বান করা হলে তাতে ১০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান তিনি।
ফজলুর রহমান বলেন, “প্রকল্পের মূল কাঠামো নির্মাণের জন্য আগামী নভেম্বরের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। ২০১৫ সালের শুরুতেই এ প্ল্যান্ট উৎপাদনে যেতে পারবে বলে আমরা আশা করছি।”
সারাদেশে বছরে তিন লাখ মেট্রিক টনের বেশি এলপি গ্যাসের চাহিদা থাকলেও সরকারি ও বেসরকারিভাবে সরবরাহ রয়েছে এক লাখ টনের কম।
চাহিদা মেটানোর লক্ষ্যে বিপিসি তার চার সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে দেশের সবচেয়ে বড় এ প্ল্যান্ট করার উদ্যোগ নেয় ২০১২ সালে।
ফজলুর রহমান জানান, এ প্ল্যান্টের নাম দেওয়া হচ্ছে মংলা গ্যাস কোম্পানি লিমিটেড, যার অনুমোদিত মূলধনের আকার হবে ৪০০ কোটি টাকা।
প্রকল্প বাস্তবায়নে ২১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে জমি দিচ্ছে বিপিসি এবং বাকি খরচ চারটি কোম্পানি নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করবে। বিপিসি ও তার সহযোগী চারটি কোম্পানির প্রত্যেকেরই ২০ শতাংশ করে মালিকানা থাকবে।
বর্তমানে সরকারিভাবে এলপি গ্যাস লিমিটেড কোম্পানি বিদেশ আমদানির পর সিলিন্ডারে ভরে বাজারজাত করছে। বছরে ২০ হাজার মেট্রিক টন পরিশোধন ক্ষমতার এ কোম্পানিটির দুটি প্ল্যান্ট রয়েছে।
বাকি ৭০ হাজার টনের মতো এলপি গ্যাস সরবরাহ করছে বেসরকারি খাতের তিনটি কোম্পানি।
