২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন মুদ্রানীতি পুঁজিবারের জন্য ইতিবাচক’

চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিকে ইতিবাচক বলে মনে করছেন দেশের দুই পুঁজিবাজারের প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যংকের গভর্নর আতিউর রহমান, যাতে পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য দেয়া আগের নীতি সহায়তাগুলো অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

গভর্নর বলেন, “পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সমর্থন আগের মতোই অব্যাহত রাখব। সাম্প্রতিক মাসগুলোতে এ উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়েছে।”  

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মুদ্রানীতিতে পুঁজিবাজারের কথা আলাদাভাবে বলা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গি  ইতিবাচক, এটাই বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক বিষয়।”

তবে মুদ্রানীতির সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখলেও এর সুফল পেতে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার উপর জোর দিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য আগেরবার দেয়া সমস্ত কিছু অপরিবর্তিত থাকবে।

আল মারুফ খান বলেন, “আগের বারের ফলাফল আমরা জানি, রাজনৈতিক পরিস্থিতি ভাল থাকলে পুঁজিবাজারে বিদ্যমান তারল্য আরো বাড়বে। তারল্য বাড়লে শেয়ারের চাহিদা বাড়বে।”

বাজে শেয়ারের পেছনে বিনিয়োগ ঠেকাতে বিএসইসিকে ভাল শেয়ারের সরবরাহ বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি।