২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বাড়ছে মাসে ১০% হারে

দশ কোটি মোবাইল গ্রাহকের বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের জন্য নিবন্ধিত গ্রাহকের সংখ্যা প্রতি মাসে ১০ শতাংশ হারে বাড়ছে। আর মোবাইলে লেনদেন বাড়ছে ১২ শতাংশ হারে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের একটি বিশাল জনগোষ্ঠী এখনও ব্যাংকিং সেবার বাইরে। তাদের মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা দেয়া সম্ভব। ব্যাংকগুলো সেই সুযোগ নিচ্ছে।”

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন বিভিন্ন হোটেল, শপিং সেন্টার, চেইন শপে বিল পরিশোধ করা যাচ্ছে। এক স্থান থেকে দেশের অন্য স্থানে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে ৫ লাখ গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৪০ কোটি টাকার লেনদেন করছেন। 

জুন পর্যন্ত হিসাবে দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকের সংখ্যা ৬৬ লাখ ২২৪ জন, যা মে মাসে ছিল ৬০ লাখের কাছাকাছি।

আর ৯৯ হাজার ৫৮২টি এজেন্ট প্রতিষ্ঠান দেশে মোবাইল ব্যাংকিংয়ের কাজে জড়িত আছেন।

২০১১ সালের মার্চ মাসে ডাচ্-বাংলা ব্যাংক দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং চালু করে। বর্তমানে এই সেবা দিচ্ছে দেশের ১৮টি ব্যাংক।

মোবাইল ব্যাংকিং চালুর পর থেকে এ ব্যবস্থায় এ পর্যন্ত মোট ৪২ দশমিক ৬ বিলিয়ন টাকার লেনদেন হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান।

দাশগুপ্ত অসীম কুমার বলেন, “মোবাইল ব্যাংকিং নিয়ে ব্যাংকগুলোকে নীতিগত সহায়তা দেয়ার পাশাপাশি একটি আইন করারও উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।”