পুঁজিবাজারে ক্রমাগত দরপতনে বিক্ষোভ
পুঁজিবাজারে ক্রমাগত দরপতনে বিক্ষোভ করেছে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীরা।
দরপতনে ক্ষুব্ধ এই বিনিয়োগকারীরা মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়ে ব্যর্থ হয়ে বিক্ষোভ করেন।
ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“আমরা আগামীকাল থেকে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনে নামব, কারণ উনি বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।”
পুঁজিবাজারে অব্যাহত দরপতনে ‘কারসাজি’ রয়েছে বলে সন্দেহ তার।
মঙ্গলবার ডিএসইতে সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট কমেছে। সাধারণ সূচক গত চার দিনে কমেছে ৫২০ পয়েন্ট।
আব্দুর রাজ্জাক বলেন, “ক্রমাগত দরপতনের প্রতিবাদ জানাতে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাই, সেখানে পুলিশ আমাদের বাধা দেয়। আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারিনি, পরে আমরা সেখানে বিক্ষোভ করি।”
এদিকে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের আরেকটি সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য বিএসইসিতে স্মারকলিপি দিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল্লাহ নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা আট দফা দাবি পেশ করি।”
তাদের স্মারকলিপি নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র সাইফুর রহমান।
তিনি বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনিয়োগকারীদের একটি দল লিখিত স্মারকলিপি দিয়ে যায়। আরেক দল বিএসইসি চেয়ারম্যানের দেখা করতে এলে তাদের দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে।
পুঁজিবাজারে বিক্ষোভ (ফাইল ছবি)
সম্মিলিত জাতীয় ঐক্য পুঁজিবাজারের উন্নয়ন ও স্থায়ী স্থিতিশীলতার জন্য আইপিও অনুমোদন আগামী ছয় মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
বিক্ষোভ চট্টগ্রামেও
পুঁজিবাজারে দরপতনে বিক্ষোভ হয়েছে বন্দর নগরীতেও। মঙ্গলবার দুপুর ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সংলগ্ন শেখ মুজিব সড়কের বনানী কমপ্লেক্সের সামনের অংশে বিনিয়োগকারীরা মিছিল করে।
মিছিলের পর সমাবেশে ইনভেস্টরস ফোরাম অব চট্টগ্রাম অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে।
ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বলেন, “তিন বছর পর আবার যখন ধীরে ধীরে বাজার গতিশীল হতে শুরু করে তখনি একটি ‘কুচক্রী’ মহল বাজারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের প্রচার সম্পাদক সরওয়ার কিবরিয়া জিয়া, সদস্য আব্দুল মতিন, মো. আলমগীর হোসেন, শেখ রাসেল, মো. জাহেদ ও সাইফুল ইসলাম।
