শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লাভের অংশ দিল লাফার্জ সুরমা
গত বছরের লাভের অংশ হিসাবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এক কোটি ১৩ লাখ টাকা দিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এস এম আরিফুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও কর্পোরেট শাখার পরিচালক সৈয়দা তাহিয়া হোসেন সোমবার সচিবালয়ে শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে সাক্ষাৎ করে সহায়তার চেক হস্তান্তর করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনেই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত হয়।
আরিফুজ্জামান জানান, শ্রম আইন অনুযায়ী লাভজনক প্রতিটি বেসরকারি কারখানাকে তাদের লাভের পাঁচ শতাংশ প্রতি বছর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়। সে অনুযায়ী লাফার্জ-সুরমা তাদের গত বছরের লভ্যাংশ জমা দিল।
শ্রম সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
