২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইটার জাহাজ নীতিমালা বাস্তবায়ন না করতে মন্ত্রীকে অনুরোধ

সমুদ্রবন্দর থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য পরিবহন নীতিমালা বাস্তবায়ন না করার অনুরোধ জানিয়ে নৌমন্ত্রীকে চিঠি দিয়েছে চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:34 AM

Updated : 25 Apr 2022, 07:01 PM

ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ না করেই ‘অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন নীতিমালা-২০১৩’ প্রণয়ন করা হয়েছে বলে ওই চিঠিতে অভিযোগ করেছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার চেম্বারের পক্ষ থেকে নৌমন্ত্রীকে ওই চিঠি পাঠানো হয়।

চিঠিতে চেম্বার সভাপতি বলেন, সম্প্রতি সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে সমুদ্র বন্দর থেকে পণ্য পরিবহনের যে নীতিমালা করা হয়েছে তাতে এ খাতে ‘অরাজকতা’ সৃষ্টি হবে এবং পরিবহন ব্যয় ও পণ্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম বন্দরে আমদানি করা ভোগ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) থেকে নামিয়ে লাইটার (ছোট আকারের জাহাজ) জাহাজে করে নৌ-পথে সারা দেশে পাঠানো হয়।

মাহাবুবুল অভিযোগ করেন, ২০০৯ সালে কিছু ‘অসাধু নেতা’ ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) নামের একটি সংগঠন করে এবং প্রতি টন পণ্য পরিবহনের ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০৩ টাকা করা হয়।

এই ‘অস্বাভাবিক’ ভাড়া বৃদ্ধি ও ‘জিম্মিদশা’ থেকে মুক্তি পেতেই শিল্প মালিকরা নিজ উদ্যোগে বেশি ধারণ ক্ষমতার লাইটার জাহাজ নির্মাণ করে বলে চেম্বার সভাপতি চিঠিতে উল্লেখ করেন।

তিনি বলেন, এর ফলে অভ্যন্তরীণ নৌ-পথে পরিবহন ভাড়া সহনীয় হয়ে আসে এবং পণ্যমূল্যও স্থিতিশীল থাকে।

কিন্তু নতুন নীতিমালায় আমদানি পণ্যের ৫০ শতাংশ ডব্লিউটিসি নিয়ন্ত্রণাধীন জাহাজের মাধ্যমে পরিবহন বাধ্যতামূলক করায় এ খাতে অস্থিতিশীলতা শুরু হবে এবং তা অন্যান্য খাতেও ছড়িয়ে পড়বে বলে চেম্বার সভাপতির আশঙ্কা।

তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতামূলক করে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয়ের উচিত নিয়ন্ত্রকের পরিবর্তে সহযোগীর ভূমিকা পালন করা।”

সার্বিক পরিস্থিতি ও ‘বৃহত্তর অর্থনৈতিক স্বার্থ’ বিবেচনায় ওই নীতিমালা বাস্তবায়ন না করতে নৌমন্ত্রীর কাছে আহ্বান জানান চেম্বার সভাপতি।