হরতালের সপ্তাহে সূচক কমেছে ৩৯ পয়েন্ট
জামায়াতের টানা হরতালের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমেছে। গড়ে প্রতিদিন হাতবদল হয়েছে ৮৫৫ কোটি টাকার শেয়ার।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় গত রোববার থেকে টানা চারদিন হরতাল করে জামায়াতে ইসলামী। এর মধ্যে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর সূচক ও লেনদেন দুটোই কমেছে।
সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক বাড়লেও পরে তা কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট কমে চার হাজার ২২৩ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪২ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫৯৮ পয়েন্ট ।
এ দিন দাম বেড়েছে ১৬৩টি শেয়ারের, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
বুধবার ডিএসই লেনদেন হয় ৯৮৬ কোটি টাকার শেয়ার, সূচক কমে ১১ পয়েন্ট; মঙ্গলবার ১ হাজার ২৪ কোটি টাকার লেনদেন হয়, সূচক বাড়ে ২০ পয়েন্ট। আর সোমবার সূচক ৬৯ পয়েন্ট বাড়ে, ৮৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। এই তিনদিনই হরতাল ছিল।
আর রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি টাকার শেয়ার, সূচক কমেছে ৫৭ পয়েন্ট।
পুরো সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমেছে। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমেছে ৭ পয়েন্ট। আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১২১ পয়েন্ট, গড় লেনদেন ছিল ৭৬২ কোটি টাকার শেয়ার।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
