শ্রম আইনকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ
সংসদে পাশ হওয়া সংশোধিত শ্রম আইনকে সরকারের একটি সময়োচিত পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও ট্রেড ইউনিয়নের অধিকারের অপব্যবহারের ফলে শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেবিষয়ে সতর্ক করেছে বিজিএমইএ।
মঙ্গলবার এক বিবৃতিতে বিজিএমইএ বলেছে, “শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া আরও সহজতর করা হয়েছে। তবে ট্রেড ইউনিয়নের অপব্যবহারের মাধ্যমে যাতে শিল্প ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে বিজিএমইএ সকলের সহযোগিতা কামনা করছে।
“সংশোধিত শ্রম আইনে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত এবং মালিক ও শ্রমিকের সম্পর্ক উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।
“যেহেতু পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের মধ্যে ৮০ শতাংশই নারী শ্রমিক, তাই এই সংশোধনীটি পোশাক শিল্পের জন্য যৌক্তিক বলে মনে করে বিজিএমইএ।”
এই সুযোগ-সুবিধাগুলো গ্রহণ করে শ্রমিকরা শিল্পকে এগিয়ে যেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে বিজিএমইএ।
বিবৃতিতে বলা হয়, “সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের জন্য গ্রুপবিমা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ক্ষেত্র বিশেষে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিধান রেখে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা আরও নিশ্চিত করা হয়েছে।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিদর্শকের অনুমোদন ছাড়া কারখানার নকশার পরিবর্তন না করার বিধানকেও স্বাগত জানিয়েছে বিজিএমইএ।
এছাড়া সংশোধিত শ্রম আইনে শতভাগ রপ্তানিমুখী শিল্প খাত অথবা শতভাগ বৈদেশিক মূদ্রা বিনিয়োগকারী শিল্প খাতের শ্রমিক কর্মচারীদের কল্যানের জন্য ক্রেতা ও মালিকের সমন্বয়ে কেন্দ্রীয়ভাবে তহবিল গঠন, তহবিল পরিচালনা বোর্ড, অনুদানের পরিমাণ নির্ধারণ ও আদায় এবং তহবিলের অর্থ ব্যবহারের বিধানও রাখা হয়েছে, যেগুলো শ্রমিকদের কল্যাণে বাস্তবমুখী পদক্ষেপ বলে মনে করে সংগঠনটি।
বিজিএমইএর পক্ষে মহাসচিব এহসান উল ফাত্তাহ ‘বাংলাদেশ শ্রম আইন-২০১৩’ নিয়ে এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
