ডিএসইতে সূচক-লেনদেন দুটোই কমেছে
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
রোববার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৬ পয়েন্ট কমে চার হাজার ২০৬ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৪ কমে হয়েছে ১ হাজার ৬০৫ পয়েন্ট ।
সারাদিনে ডিএসইতে প্রায় ৫৮১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে ১৪৯ কোটি টাকা কম।
এ দিন দাম বেড়েছে ৪৬টি শেয়ারের, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমেছে ৭ পয়েন্ট। গড়ে ৯৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সূচক বাড়ে ১২১ পয়েন্ট, লেনদেন হয় গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
