বিপুল আমদানিতেও কমছে না পেঁয়াজের দাম
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হলেও বাজারে দাম কমছে না।
বন্দর কর্মকর্তারা জানান, এই বন্দর দিয়ে গত একমাসে ভারত থেকে ২০ হাজার মেট্রিক টনের বেশি পেঁয়াজ এসেছে। এছাড়া দৈনিক গড়ে আসছে ৫শ’ মেট্রিক টনের বেশি।
আমদানিকারকরা জানান, প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য ৩০-৩১ টাকা। এগুলোই মোকামে ৩৮ টাকা এবং খুচরা বাজারে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে দিনাজপুরের বাজারে প্রতি কেজি পেঁয়াজের খুচরা মূল্য ছিল ৩০-৩২ টাকা।
Onion prices rise in Ctg
বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহবায়ক ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, ভারত থেকে আমদানি করার পর এই পেঁয়াজ ঢাকাসহ অন্যান্য স্থানে পৌঁছাতে ৪-৫ হাত বদল হয়। ফলে ক্রেতাদের প্রতি কেজি পেঁয়াজ ৭-৮ টাকা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান উপলক্ষে পেঁয়াজবোঝাই ট্রাক দ্রুত খালাসের জন্য কাস্টমস কর্মকর্তারা রাতেও কাজ করছেন, যাতে ব্যবসায়ীরা ট্রাকগুলি দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন।
তিনি বলেন, গত ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বিশ হাজার দুইশত পাঁচ মেট্রিক টন পেঁয়াজ দেশে আমদানি হয়েছে। প্রতিদিন এই বন্দর দিয়ে ৫শ’ মেট্রিক টনের উপরে পেঁয়াজ আমদানি হচ্ছে।
