ডিএসইতে ২৩ মাসের সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ২৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে এরচেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১১ সালের ৩১ জুলাই; সেদিন হাতবদল হয় ১৩৪১ কোটি টাকার শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূঁজিবাজারের প্রতি সরকার এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতবাচক। এটিই বাজার ভাল হওয়ার প্রধান কারণ।”
এছাড়া দেশের ব্যাংকগুলোর টাকাও পুঁজিবাজারে আসছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৩২১ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩৪ বেড়ে হয়েছে ১ হাজার ৬৩৪ পয়েন্ট।
সোমবারের চেয়ে ৩০৪ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে এদিন। দাম বেড়েছে ১৪২টি শেয়ারের, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।
এর আগে সোমবার ডিএসইর সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৯৯১ কোটি টাকার শেয়ার। আর রোববার সূচক ৮ পয়েন্ট বাড়ে, ৮৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গত সপ্তাহ ডিএসইর সার্বিক সূচক ১২১ পয়েন্ট বাড়ে। গড়ে ৭৬২ কোটি টাকার শেয়ার হাতবদল হয় প্রতিদিন।
