২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি সুবিধা স্থগিতে ডিসিসিআইয়ের উদ্বেগ

সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপের পরও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘বিনামেঘে বজ্রপাত’ হিসেবে দেখছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার শ্রম আইন ২০০৬ সংশোধন, নির্দিষ্ট সময়ের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার নেতৃত্বে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় চুক্তিতে সই এবং পোশাক কারখানাগুলোকে যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করতে মিনিস্ট্রিয়াল কমিটি গঠন করার পরও যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির সঙ্গে টিকফা চুক্তি সই করার পদক্ষেপ নেয়াও বর্তমান সরকারের ইতিবাচক উদ্যোগের প্রতিফলন বলে উল্লেখ করা হয় এতে।

এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে দেশের রপ্তানিতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে উল্লেখ করে জিএসপি সুবিধা পুনর্বহালের আহবান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে জিএসপি বাতিল না করায় দেশে শ্রম অধিকার ও শ্রমিকদের নিরাপত্তা আরো উন্নত করে ওই সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী ডিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাসের মধ্যে জিএসপি সুবিধা ফিরে পেতে মিনিস্ট্রিয়াল কমিটিতে সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

কমিটিতে এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএর মতো বাণিজ্য সংগঠন ও সমিতিগুলোসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।