২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিতে প্রভাব পড়বে না: ইপিবি

জিএসপি সুবিধা স্থগিতের কারণে বাংলাদেশের রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান এক বিবৃতিতে প্রেসিডেন্ট বারাক ওবামার এ সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে ইপিবি ভাইস-চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পায় না। দেশটিতে মোট রপ্তানির ৮৬ শতাংশই তৈরি পোশাক পণ্য হওয়ায় এ সিদ্ধান্ত মোট রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

জিএসপির আওতায় বাংলাদেশ বিভিন্ন ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারতো, যদিও এর মধ্যে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ছিল না।

একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০১১-১২ অর্থবছরের বাংলাদেশ মোট রপ্তানি করেছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি পণ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট রপ্তানির ২১ শতাংশ, যার পরিমাণ ৫১০ কোটি ডলার। এর মধ্যে শুধু তৈরি পোশাক পণ্য থেকে আয় হয় ৪৫৩ কোটি ডলার।

যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির হিসাবে, গতবছর জিএসপির আওতায় তিন কোটি ৪৭ লাখ ডলারের তামাক, ক্রীড়া সরঞ্জাম, চিনামাটির তৈজসপত্র ও প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এতে তারা শুল্ক ছাড় পেয়েছেন ২০ লাখ ডলারের মতো।

জিএসপি বাতিল করায় এখন শুল্ক দিয়ে রপ্তানি করতে হবে। এতে তাদের লাভ কমে যাবে।

শুভাশীষ বসু বলেন, “কিন্তু এতে রপ্তানি কমবে না। কারণ যেসব পণ্যে বাংলাদেশ জিএসপি সুবিধা পায় সেসব পণ্যে বাংলাদেশের বিশ্ব বাজারে প্রতিযোগিতায় যথেষ্ট সক্ষম।”

এদিকে জিএসপি সুবিধাভোগী অন্যতম খাত প্লাস্টিক পণ্যের রপ্তানিকারকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের বাজারের নেতিবাচক প্রভাব সমান্য হবে। তবে অন্য আমদানিকরা এতে প্রভাবিত হলে বিপদ হবে।

বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সদস্য এ কে এম জহিরুল কাইয়ুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এককভাবে প্লাস্টিক পণ্য যুক্তরাষ্ট্রে খুব বেশি রপ্তানি হয় না। তবে এ সিদ্ধান্ত যদি অন্যান্য আমদানিকারক দেশও নেয় তাহলে সমস্যা বাড়বে।”

যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের পদক্ষেপ নিলে বড় ধরনের সঙ্কটে পড়বে বাংলাদেশের তৈরি পোশাক খাত।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে জিএসপি বাতিলের এই সিদ্ধান্তে বাংলাদেশের ২০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হয়তো নেই, কিন্তু এই সিদ্ধন্তে প্রভাবিত হয়ে ইউরোপীয় ইউনিয়নও যদি একই ধরনের পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি বাজার বড় ধরনের হুমকির মুখে পড়বে।

ইউরোপীয় ইউনিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে ১২ বিলিয়ন ডলারেরও বেশি দামের পোশাক কেনে, যা বাংলাদেশের মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশ।