২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের জন্য তহবিল চান সুরঞ্জিত

পুঁজিবাজার চাঙ্গা করতে আগামী অর্থবছরের বাজেটে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

অর্থনীতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে সুরঞ্জিত বলেন, “আমি অর্থমন্ত্রীকে আগেও বলেছিলাম, এখনো বলতে চাই, রুগ্ন পুঁজিবাজারকে আপনি যদি জাগিয়ে তুলতে চান তাহলে ৫ হাজার কোটি টাকার একটি ফান্ড আপনি দেন।

“আরেকটা দাবি, সঞ্চয়পত্রটা মধ্যবিত্তের সম্পদ, এটা উন্মুক্ত করে দেন।”

আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এর আগে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

সুরঞ্জিত বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সংযত মুদ্রানীতির কারণে দ্রব্যমূল্য লাগামহীন হয়নি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

“রিজার্ভ এতো উপড়ে উঠেছে যে আপনারা দেখতে গেলে টুপি পড়ে যাবে,” রসিকতার সুরে বিরোধীদলীয় সাংসদদের উদ্দেশ্যে বলেন এই আওয়ামী লীগ নেতা।

সুরঞ্জিতের আগে বিএনপির সাংসদ বরকতউল্লাহ বুলু সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশের বিনিয়োগ জিডিপির ৩০ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেও তা ২৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। জিডিপি প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি।

“প্রশাসনে দুর্নীতির কারণেই বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে,” বলেন তিনি।

বিদ্যুৎ খাতের সমালোচনা করে বুলু বলেন, “উনারা সংসদে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু পাকিস্তানের সাথে উনাদের আত্মিক সম্পর্ক আছে। কুইক রেন্টাল ও রেন্টালের আবিস্কারক পাকিস্তান। যে কারণে পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রীকে জেলে যেতে হচ্ছে। যারা আমাদের এখনেও রেন্টালের নামে হরিলুট করছে তাদেরও আগামী দিনে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”

বিনিয়োগ ও প্রবৃদ্ধি নিয়ে বুলুর বক্তব্যের জবাবে সুরঞ্জিত বলেন, “বর্তমান সরকারের সময় প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরেই রয়েছে। উনারের (বিএনপি) সময় প্রবৃদ্ধি ছিলো পিচ্ছিল বানরের বাঁশে চড়ার মতো। কখনো ছয়, কখনো পাঁচ আবার কখনো চার।”

বিরোধী দল গত ছয় মাস আন্দোলন না করলে প্রবৃদ্ধি ৭ শতাংশে পৌঁছে যেত বলেও তিনি মন্তব্য করেন।