২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৩ পয়েন্ট বেড়ে চার হাজার ১৯০ পয়েন্ট হয় ।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫৬৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে প্রায় ৭৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রোববারের চেয়ে ২৭৫ কোটি টাকা বেশি।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে  দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সরকারি ছুটির কারণে এ বাজারে লেনদেন বন্ধ ছিল।

সোমবার ডিএসইর সার্বিক সূচক ২৩ পয়েন্ট কমে, লেনদেন হয় গড়ে ৫১১ কোটি টাকার শেয়ার। আর রোববার সার্বিক সূচক কমে ৪৩ পয়েন্ট, গড়ে ৬৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে যোগ হয় ১৩৪ পয়েন্ট, লেনদেন হয় গড়ে ৮৪৮ কোটি টাকার শেয়ার।

এর আগের এক মাসে  ডিএসইর সূচকে ৩০৬ পয়েন্ট যোগ হয় এবং গড়ে ৪৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

প্রায় নয় মাস পর গত সপ্তাহের বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ায়।