এমএমএস সমস্যা সমাধানে বিটিআরসির চিঠি
মাল্টিমিডিয়া ম্যাসেজ বা এমএমএস আদান-প্রদানের ক্ষেত্রে সমস্যা সমাধানে মোবাইল ফোন কোম্পানিগুলোকে এক মাস সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
২৪ জুলাইয়ের মধ্যে গ্রাহকদের এই সুবিধা নিশ্চিত করতে হবে।
সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবুল হাসান স্বাক্ষরিত একটি নির্দেশনা সব মোবাইল ফোন অপারেটরের কাছে পাঠানো হয়েছে।
তাতে বলা হয়, ইন্টারকানেকশন রেগুলেশন চালু হওয়ার পর এবং পরবর্তীতে ইন্টারকানেকশন লাইসেন্স দেয়ায় সব অপারেটরের মধ্যে ভয়েস কল ও এসএমএস নির্বিঘ্নে চালু হলেও এমএমএস পুরোপুরি চালু হয়নি।
“টেলিযোগাযোগ আইনের যথাযথ প্রতিপালনের মাধ্যমে গ্রাহক অধিকার রক্ষায় সকল অপারেটরের গ্রাহকদের অপারেটর নির্বিশেষে এমএমএস সুবিধা প্রদান করা আবশ্যক বলে মনে করে কমিশন।”
সব মোবাইল ফোন অপারেটরের মধ্যে প্রয়োজনীয় আন্তঃসংযোগ চুক্তিসহ অন্যান্য কাজ শেষ করে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে সব মোবাইল ফোন গ্রাহককে এমএমএস সুবিধা দেয়ার জন্য চিঠিতে বলা হয়।
