জাপানের ব্যবসায়ীদের সিএসই পরিদর্শন
বিনিয়োগের পরিবেশ সম্পর্কে জানতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) পরিদর্শন করেছেন জাপানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে প্রতিনিধি দলের আগ্রহের কথা সাংবাদিকদের জানান সিএসই সভাপতি আল মারুফ খান।
সিএসই সভাপতি বলেন, “জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে আর্থিক খাত ও পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ।”
পুঁজিবাজারে বিদেশি সরাসরি বিনিয়োগ ও পোর্টফোলিও বিনিয়োগ ছাড়াও জাপানি বিনিয়োগের জন্য তথ্য অনুসন্ধান এবং পর্যালোচনাসহ সিএসই প্রয়োজনীয় সব সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
এসময় অরিক্স করপোরেশনের অঙ্গসংগঠন অরিক্স ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লি. (সিংগাপুর) এর ব্যবস্থাপনা পরিচালক সিনজি ইয়ামানা, করপোরেট ফাইন্যান্স গ্রুপ গ্লোবাল বিজনেস অ্যান্ড অলটারনেটিভ ইনভেস্টমেন্ট হেডকোয়াটারর্স (জাপান) এর সহসভাপতি মিস্ কিওকো মরি এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের অর্থনৈতিক উপদেষ্টা জালালু হাই উপস্থিত ছিলেন।
আর সিএসইর পক্ষ থেকে সভাপতি আল মারুফ খান, সহ-সভাপতি মীর্জা সালমান ইস্পাহানী, এমকেএম মহিউদ্দিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিনিয়োগ পরিস্থিতি, পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা, আর্থিক খাতসমূহের বর্তমান অবস্থা, বিদেশি বিনিয়োগের সুযোগ, ডিমিউচুয়্যালাইজেশন প্রক্রিয়া, বাজারের গভীরতা, ট্রেডিং সফটওয়্যারের ক্ষমতা, বাজার তদারকি এবং বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।
