মরিচ বেগুন শশা রপ্তানি বন্ধ হচ্ছে
রোজার মাস সামনে রেখে কাঁচামরিচ, বেগুন, শশা ও ধনেপাতা রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজা শুরুর এক সপ্তাহ আগে থেকে এসব পণ্য রপ্তানি বন্ধের আদেশ দেয়া হবে। এ বিষয়ে সরকারি আদেশ জারি হবে আগামী রোববারের মধ্যে।”
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, “রমাজানে বেগুন, কাঁচামরিচ, শশা ও ধনেপাতার চাহিদা বেশি থাকে। এজন্যই এসব পণ্য রপ্তানি বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।”
তিনি বলেন, এই মুহূর্তে পিঁয়াজ, খেঁজুরসহ অন্যান্য পণ্যের যথেষ্ট মজুদ আছে। সরবরাহও স্বাভাবিক। সুতরাং রোজায় দামের হেরফের হবে বলে তিনি মনে করেন না।
আগামী ২৭ জুন সংসদীয় কমিটির পক্ষ থেকে বাজার পরিদর্শন করা হবে বলেও জানান সভাপতি।
এক প্রশ্নের জবাবে আবুল কাশেম বলেন, “সরকারের এখন শেষ সময় হলেও বিগত বছরগুলোর মতো এবারো রমজানে বাজার পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে না বলেই আমরা আশা করছি। তবে কেউ সমস্যা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।”
আবুল কাশেমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, শেখ আফিল উদ্দিন ও তহুরা আলী অংশ নেন। বাণিজ্য সচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
