রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সবই হবে: মুহিত
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে সব লক্ষ্য ঠিক করা হয়েছে, তা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার এফবিসিসিআই আয়োজিত বাজেট নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। রাজধানীর অফিসার্স ক্লাবে ওই সভায় ব্যবসায়ীরাও তাদের মতামত দেন।
মুহিত বলেন, “আমি বাজেট বক্তৃতায়ও বলেছি; এখনো বলছি, বাজেট বাস্তবায়নে মৌলিক প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।
“নৈরাজ্যের চেষ্টা এদেশ থেকে বিদায় হয়েছে। হরতাল, বিক্ষোভও নমনীয় হয়েছে। আমি আশা করি, রাজনীতিতে স্থিতিশীলতা আসবে এবং বাজেট বাস্তবায়নও হবে।”
অর্থমন্ত্রীর বক্তব্যের আগে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ ব্যবসায়ীদের পক্ষে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে চূড়ান্ত বাজেটে তা অন্তর্ভুক্তির দাবি জানান।
প্যাকেজ ভ্যাট আগের অবস্থায় রাখা, বিস্কুট আমদানিতে সম্পূরক শুল্ক না কমানো, আসবাবপত্র শিল্পের ভ্যাট আগের ৬ শতাংশ নির্ধারণ, উপকরণ মূল্য ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো, কালো টাকা আবাসন খাতের পাশাপাশি পুঁজিবাজার ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, ২০১৫ সালে নতুন মুসক (মুল্য সংযোজন কর) ব্যবস্থা প্রবর্তন হচ্ছে।
“সেজন্য রাজস্ব বোর্ডের পাশাপাশি আর্থিক খাতেরও প্রস্তুতি দরকার। এবারের বাজেটেই সে লক্ষ্যে কিছু উদ্যোগ নেয়া হয়েছে।”
এনবিআর চেয়ারম্যান বলেন, “বাজেট প্রস্তাব পেশের পর থেকে বিভিন্ন আলোচনা সভা, টক শো’তে দেখছি, অনেকে প্রশ্ন তুলেছেন বাজেটে যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা আয় করার সক্ষমতা এনবিআরের আছে কি না।
“আমি মনে করি এনবিআরের সক্ষমতা সম্পর্কে তাদের ধারণা নেই। তারা ১৫ বছর পেছনে রয়েছেন। গত চার বছরে এনবিআরের লোকবল, দক্ষতা সবই বেড়েছে এবং তা রাজস্ব আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
তবে রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন গোলাম হোসেনও।
“কেউ যদি দোকান খোলা রাখতে না পারে বা ব্যবসা চালাতে না পারে, সে ট্যাক্স দেবে কিভাবে? আমি তো বলতে পারবো না যে এক দিনে দুই দিনের বেচাকেনা করেন।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইর সহ-সভাপতি হেলালউদ্দিন ও মনোয়ারা হাকিম আলী।
