মসলা জাতীয় পণ্যের শুল্ক প্রত্যাহারে দাবি
আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মসলা জাতীয় পণ্যের ওপর আরোপিত সম্পূরক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহার চায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সংগঠনটির সভাপতি মো. মাহবুবুল আলমের নামে পাঠানো চিঠিতে বলা হয়, ২৫ শতাংশ শুল্ক ও ২০ শতাংশ সম্পূরক শুল্কসহ এলাচি, দারুচিনি, লবঙ্গ ও কালো মরিচের ওপর আরোপিত সর্বমোট শুল্কহার ৬২ শতাংশ।
আর ২৫ শতাংশ শুল্ক ও পাঁচ শতাংশ রেগুলেটরি শুল্কসহ জায়ফল ও যত্রিকের ওপর সর্বমোট শুল্কহার দাঁড়ায় ৩৬ শতাংশ।
তবে কিসমিসের সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হলেও মোট শুল্কহার এখনো অনেক বেশি। শুল্কহার সর্বমোট ৯৪ দশমিক ৩০ শতাংশে হওয়ায় প্রতিবেশি ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্যটি অবাধে দেশে আসবে।
ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে বলে আশঙ্কা করা হয় চিঠিতে।
চিঠিতে বলা হয়, দারুচিনি, লবঙ্গ, এলাচি ও জিরাকে ‘নিত্য প্রয়োজনীয় পণ্য’ গণ্য করা হলেও শুল্কহারে কোনো পরিবর্তন আসেনি।
প্রতিবেশি দেশ ভারতে লবঙ্গসহ বেশ কিছু পণ্যের ওপর আরোপিত সর্বমোট শুল্কহার মাত্র নয় শতাংশ এবং মায়ানমারে শুল্কহার ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
চোরাচালান রোধ এবং বৈধ আমদানিকারকদের স্বার্থ রক্ষায় উক্ত মসলা জাতীয় পণ্যগুলোর ওপর আরোপিত সম্পূরক ও রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হলে সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে চিঠিতে উল্লেখ করেন চেম্বার সভাপতি।
