রমজানে ভোগ্য পণ্যের দাম না বাড়ার আশা
ভোগ্য পণ্যের বর্তমান মজুদের ভিত্তিতে রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বলে আশা করছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল হক।
বিকালে চেম্বার মিলনায়তনের সভায় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারেও বর্তমানে ভোগ্য পণ্যের মূল্য কম। কিন্তু কিছু মৌসুমী ব্যবসায়ী বেশি অধিক মুনাফা করতে দাম বাড়ায়। এতে প্রকৃত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়।
জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এ সরকারের সবচেয়ে বড় সাফল্য। রমজানে এর ওপর আরো গুরুত্ব দেয়া হবে।
বাজারে বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা মূল্য তালিকা টানানোর পরামর্শ দেন তিনি।
সভায় রমজানে ভোগ্য পণ্য মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিভিন্ন ধরনের সুপারিশ তুলে ধরেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
