২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক নেয়া বন্ধ করতে চায় না ইইউ

সাভারে ভবন ধসের ঘটনায় উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ দেখলেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর কোনো ‘নিষেধাজ্ঞা’ আরোপ করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

এই সঙ্কট থেকে উত্তরণে ইউরোপ বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় বলে ঢাকায় ইইউ’র রাষ্ট্রদূত উইলিয়াম হানা জানিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ’র এ অবস্থানের কথা জানান তিনি।

উইলিয়াম হানা বলেন, রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনা বিশ্বজুড়ে বড় প্রভাব ফেলেছে।

“এটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এতদিন পরেও গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে।”

ক্রেতা প্রতিষ্ঠানগুলোসহ সংশ্লিষ্ট সবাইকে ‘দায়িত্বশীল ভূমিকা’ পালনের আহ্বান জানান তিনি।

রানা প্লাজা ধসের পর বিজিএমইএর আয়োজনে প্রথমবারের মতো এ সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, এবং যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের পোশাক পণ্যের প্রধান গন্তব্য দেশগুলোর প্রায় সব রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও, ইউকেএইড, জিআইজেড এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজিএমইএর পরিচালক, কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, ধসের ঘটনার পরবর্তীতে নেয়া পদক্ষেপ সম্পর্কে তারা কূটনৈতিকদেরকে অবহিত করেছেন।

তিনি বলেন, “আমরা সব শ্রমিকের বেতন বাবদ ছয় কোটি টাকা পরিশোধ করেছি।বিভিন্ন বেসরকারি হাসপাতালে আমরা তাদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিয়েছি। আমাদের বর্তমান দলের মধ্যে আরো অগ্নিনির্বাপক কর্মী নিয়োগ করছি।”

সব পোশাক কারখানার ভবনগুলো যথাযথ আছে কি না তা জানতে পরিদর্শন চলছে বলে জানান আতিকুল।

তিনি বলেন, “তারা (কূটনৈতিকরা) আমাদের যেসব সুপারিশ করেছে তার সবগুলোই বাস্তবায়ন করতে প্রস্তুত আছি।”

উদ্বোধনী ভাষণে বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে এনজিওগুলো “শ্রমিকদের অধিকার সচেতন করার নামে মালিকদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে”।

Image
ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার বিজিএমইএ আয়োজিত বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের শুরুতে সাভারের রানা প্লাজা ধসে নিহতদের স্মরণ করা হয়।

ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার বিজিএমইএ আয়োজিত বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের শুরুতে সাভারের রানা প্লাজা ধসে নিহতদের স্মরণ করা হয়।

তবে যেকোনো ধরনের সংশয় এড়াতে ক্রেতা ও পোশাক সমিতিগুলোর জন্য ‘অভিন্ন আচরণবিধি’ প্রণয়নের প্রস্তাব করেন তিনি।

তিনি বলেন, “যখন বিভিন্ন ক্রেতা ক্রয়ের আদেশ দিতে বা পরিদর্শনে এসে বিভিন্ন দাবি করেন তখন আমাদের মাঝারি পর্যায়ের ব্যবস্থাপকরা দ্বিধান্বিত হয়ে পড়েন। কমপ্লায়েন্সের প্রত্যাশিত মান অর্জনে এধরনের অস্পষ্টতা বা ভুল বোঝাবুঝির অবসানে একটি অভিন্ন আচরণবিধি থাকা দরকার।”

বাংলাদেশ গত বছর ২০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ৮০ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে।

পোশাক শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করে, যার ৮০ শতাংশই নারী।

গত বছর বিশ্ব পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০২০ সালের মধ্যে প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পোশাক রপ্তানি করতে পারবে এবং এতে করে আরও তিন মিলিয়ন নারীশ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কিন্তু কারখানায় অগ্নিকাণ্ডসহ ভবন ধসের ঘটনায় বার বার প্রাণহানিতে বিশ্ব গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন শ্রমিক সংগঠন বাংলাদেশের পোশাক বর্জনের আহ্বান জানিয়েছে।