নিউজ প্রিন্টের শুল্ক বৃদ্ধি দেশি শিল্পের সুরক্ষায়: মুহিত
নিউজ প্রিন্টের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাবে সংবাদপত্র মালিক-সম্পাদককের আপত্তি শুনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশি শিল্পের সুরক্ষায়ই এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
তার দাবি, দেশে সংবাদপত্র শিল্পের জন্য দেশে উৎপাদিত নিউজ প্রিন্টই যথেষ্ট, এজন্য আমদানিনির্ভরতার প্রয়োজন নেই।
অর্থমন্ত্রী আগামী বছরের প্রস্তাবিত বাজেটে নিউজ প্রিন্টের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন।
এতে সংবাদপত্র মালিক ও সম্পাদকরা উদ্বেগ জানিয়ে বলছেন, এই শুল্ক কার্যকর হলে সংবাদপত্র শিল্প হুমকির মুখে পড়বে।
শুল্ক বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে অর্থমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “ইন্ডাস্ট্রি প্রমোশনের সুযোগ দেয়া হচ্ছে না বলে আপনারা মোটাসোটা ভাষায় লেখেন। এবার লোকাল ইন্ডাস্ট্রি প্রমোশনের সুযোগ আরো বেশি করে দেয়া হয়েছে।
“নিউজ প্রিন্ট আমদানিকারকরা কী দেন? তারা আমদানির ক্ষেত্রে ৩ শতাংশ কর দেন। অথচ অন্য কাগজ আমদানিকারকরা সব মিলিয়ে ৬৬ শতাংশ কর দেন।”
সংবাদপত্র প্রকাশের জন্য আমদানি করা নিউজ প্রিন্টের যে প্রয়োজনের কথা মালিকরা বলে আসছেন, তাতে ভিন্নমত পোষণ করে মুহিত বলেন, “দেশীয় নিউজ প্রিন্টের মান খারাপ, আমার মনে হয় এটা অযৌক্তিক। কোয়ালিটি এখন অনেক ভালো। আমাদের যে উৎপাদন হচ্ছে, তাতে নিউজপ্রিন্ট আমদানি হওয়ার কথা না।”
