২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ঘাটতি কমেছে

চলতি অর্থবছরের দশ মাসে গত বছরের একই সময়ের চেয়ে পণ্য বাণিজ্যে ঘাটতি বেশ খানিকটা কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

২০১২-১৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৯২ কোটি ১০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭৫৩ কোটি ২০ লাখ ডলার।

সে হিসাবে আলোচ্য সময়ে বাণিজ্য ঘাটতি কমেছে ২৭ দশমিক ২০ শতাংশ।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত লেনদেন ভারসাম্যের সারণীতে এ চিত্র তুলে ধরা হয়েছে।

বাণিজ্য ঘাটতি কমায় বৈদেশিক লেনদেন ভারসাম্যে স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে দেশ; চলতি হিসাবের ভারসাম্যেও উদ্বৃত্ত রয়েছে।

লেনদেন ভারসাম্যের সারণীতে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া বিদায়ী অর্থবছরের প্রথম ১০ মাসে চলতি হিসাবের ভারসাম্যে ২১৬ কোটি ১০ লাখ ডলার উদ্বৃত্ত রয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১৮ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি ছিল।

চলতি হিসাবে নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় অন্তর্ভুক্ত থাকে। এতে উদ্বৃত্ত থাকার অর্থ হলো- নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে তা সরকারকে ঋণ করে পূরণ করতে হয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত মনে করেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ ভাল থাকায় এবং পণ্য-বাণিজ্যে ঘাটতি কমে আসায় চলতি হিসাবে স্বস্তিদায়ক উদ্বৃত্ত হয়েছে।

অর্থনীতিবিদ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারার কারণেই বৈদেশিক লেনদেনে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ। অর্থবছরের বাকি দুই মাসেও (মে ও জুন) এ ধারা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে।”

পণ্য রপ্তানি থেকে আয় বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় কমায় বাণিজ্য ঘটতি কমেছে বলে জানান তিনি।

সারণি অনুসারে, এই ১০ মাসে পণ্য রপ্তানিতে (এফওবিভিত্তিক) আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় নয় দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি ব্যয় বেড়েছে শুন্য দশমিক ৮৭ শতাংশ।

মার্চ মাস পর্যন্ত অর্থ্যাৎ নয় মাসের (জুলাই-মার্চ) হিসাবে আমদানি ব্যয় কমেছিল প্রায় এক শতাংশ।

ফেব্রুয়ারি মাস থেকে আমদানি ব্যয় কিছুটা উর্ধ্বমুখী হওয়ায় দশ মাসের হিসাবে আমদানি ব্যয় বেড়েছে।

এই ১০ মাসে দুই হাজার ১৪৯ কোটি ৯০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর আমদানি বাবদে ব্যয় হয়েছে দুই হাজার ৭৩৩ কোটি ডলার।

তবে সেবা খাতের বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের প্রথম দশ মাসের ২৪২ কোটি ৬০ লাখ ডলার থেকে বেড়ে ২৭৫  কোটি ডলার হয়েছে।

মূলত বিমা ও ভ্রমণ ইত্যাদি খাতের পরিস্থিতি বিবেচনা করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এক হাজার ২২০ কোটি ৮০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের ছিল এক হাজার ৫২ কোটি ডলার।

আলোচ্য দশ মাসে সরকারের আর্থিক হিসাবে ২৩৯ কোটি ৬০ লাখ ডলার উদ্বৃত্ত রয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১২ কোটি ২০ লাখ ডলার।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে সরকারের আর্থিক হিসাবে।

জুলাই-এপ্রিল সময়ে ১১০ কোটি ৪০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০২ কোটি ৬০ লাখ ডলার।

একই সময়ে পুঁজিবাজারে বিনিয়োগ (পোর্টফোলিও বিনিয়োগ) এসেছে ১৯ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরে ছিল ২২ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ।

সার্বিকভাবে জুনে শেষ হওয়া বিদায়ী অর্থবছরের প্রথম দশ মাসে লেনদেনের ভারসাম্যে ৪৪২ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১০ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি ছিল।