২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজ প্রিন্টের আমদানি শুল্ক না বাড়ানোর দাবি সম্পাদকদের

সংবাদপত্র প্রকাশের মূল উপাদান নিউজ প্রিন্টের আমদানি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব বাজেটে অর্থমন্ত্রী করেছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সম্পাদকদের সংগঠনটি রোববার এক বিবৃতিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সম্পাদক পরিষদের সভাপতি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাব গৃহীত হলে সংবাদপত্রশিল্প আরো বড় ধরনের সঙ্কটে পড়বে।

“তথ্য জানার জন্য দেশের বেশির ভাগ মানুষ এখনো যেখানে প্রিন্ট মিডিয়ার ওপর নির্ভরশীল, সেখানে বাজেটের এই প্রস্তাব অবাধ তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কাম্য হতে পারে না।”

বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি মুদ্রণশিল্পের জন্য ব্যবহৃত প্লেটের আমদানি শুল্কও ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৩ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ভ্যাট, কর ও বীমা যুক্ত হয়ে বর্তমানে প্রতি টন নিউজপ্রিন্ট আমদানিতে ২৩ শতাংশ শুল্ক দিতে হয়। প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্কের প্রস্তাব কার্যকর হলে ওই শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫৭ থেকে ৫৮ শতাংশ।

সংবাদকর্মীদের বেতন-ভাতা বাড়ানোর যে প্রক্রিয়া চলছে, তার ওপর নিউজ প্রিন্টের দাম বৃদ্ধি এই শিল্পের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে সম্পাদক পরিষদ বলেছে।