২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পেছালো থ্রি-জি নিলাম

থ্রি-জি তরঙ্গ নিলামের সময় আবারো পিছিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার বিটিআরসি উপ-পরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ) তারেক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে নিলামের সময় এক মাস পিছিয়ে দুই সেপ্টেম্বর করার কথা জানানো হয়।

২৪ জুন থ্রিজি নিলামের কথা থাকলেও প্রথমবারে এক মাসের বেশি সময় পিছিয়ে নতুন সময় ৩১ জুলাই করা হয়েছিল।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোন অপারেটরদের সুপারিশের প্রেক্ষিতেই সময় পেছানো হয়েছে।  

থ্রি-জি নিলামের আগেই লাইসেন্সের উপর মূল্যে সংযোজন কর বা ভ্যাট কমানো, টু-জি লাইসেন্স ভ্যাট ইস্যু নিয়ে আদালতের সমস্যা সামাধানে মোবাইল ফোন অপারেটরা বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছিল।

তারিখ পেছানোর কারণে নিলামের অন্যান্য প্রক্রিয়াও এক মাস করে পিছিয়ে যাচ্ছে।

নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী অপারেটরদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে, আবেদন বাছাই শেষে যোগ্য অপারেটরদের নাম ঘোষণা ১৮ জুলাই, ২৯ জুলাই অপারেটরদের সাথে প্রি-বিড মিটিং,  ৪ অগাস্টের মধ্যে বিড আর্নেস্ট মানি জমা দেয়া এবং ১৪ অগাস্ট যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।   

গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রি-জি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের পরীক্ষামুলক থ্রি-জি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।

টেলিটকসহ মোট ৫টি অপারেটর থ্রিজি লাইসেন্স পাবে। আর চূড়ান্ত নীতিমালা অনুযায়ী ১৫ বছরের জন্য লাইসেন্স পাবে অপারেটররা।